মুরাদনগরে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে তোরণ নির্মাণ, পোস্টার লাগানো ও লিফলেট বিতরণকে কেন্দ্র করে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজারে আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষ হয়েছে। এতে দুজন গুলিবিদ্ধসহ কমপক্ষে ১০ নেতা-কর্মী আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় ওই ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষুব্ধ নেতা-কর্মীরা নবীনগর-কোম্পানীগঞ্জ সড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখেন। পুলিশ ও দলীয় সূত্র জানায়, ২০ এপ্রিল সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল গ্যাসফিল্ডের গ্যাসকূপ খনন ও গ্যাস সঞ্চালনের উদ্বোধন করবেন। এ উপলক্ষে শ্রীকাইলে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। কর্মসূচিকে সফল করার জন্য আওয়ামী লীগের দুটি পক্ষ কয়েক দিন ধরে প্রচারণা চালিয়ে আসছে। এক পক্ষে রয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক অর্থ সম্পাদক ইউসুফ আবদুল্লাহ হারুন, অন্য পক্ষে রয়েছেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার। ইউসুফ আবদুল্লাহ হারুনের লোকজন গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় বাঙ্গরা বাজারে তোরণ নির্মাণ ও পোস্টার এঁটে দিচ্ছিলেন। ওই সময়ে জাহাঙ্গীর আলম সরকার তাঁর দলবল নিয়ে ওই পথ দিয়ে যাচ্ছিলেন। একপর্যায়ে তাঁর অনুসারী নেতা-কর্মীরা ইউসুফ আবদুল্লাহ হারুনের লোকজনের ওপর হামলা করেন। ওই সময়ে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ হয় এবং গুলি ছোড়ার ঘটনা ঘটে। এতে ইউসুফ আবদুল্লাহ হারুনের অনুসারী শেখ মনির হোসেন (৩০), হুমায়ুন কবির (৩৪) গুলিবিদ্ধসহ ১০ জন আহত হন। আহত ব্যক্তিদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারীরা ওই সময়ে চারটি তোরণ ভাঙচুর করেন। তাঁরা বাঙ্গরা বাজারের ১০টি দোকানে ভাঙচুর ও লুটপাট চালান।ভাঙচুর ও লুটপাটের ঘটনার প্রতিবাদে বাঙ্গরা-খামারগাঁ গ্রামের লোকজন নবীনগর-কোম্পানীগঞ্জ সড়ক এক ঘণ্টা অবরোধ ও ঝাড়ু মিছিল করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরোধ তুলে দেয়। জাহাঙ্গীর আলম সরকার বলেন, ‘ইউসুফ আবদুল্লাহ হারুনের লোকজন আমার এক কর্মীকে দা দিয়ে কুপিয়েছিল। ওই ঘটনার জের ধরে সামান্য কিছু ঘটনা ঘটেছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আমি ওদের সংঘর্ষে যেতে না করেছি। সেখানে কোনো ধরনের গুলিবর্ষণের ঘটনা ঘটেনি।’ ইউসুফ আবদুল্লাহ হারুন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে দলের নেতা-কর্মীরা তোরণ নির্মাণ ও পোস্টার লাগিয়েছে। ওই ঘটনায় ক্ষুব্ধ হয়ে জাহাঙ্গীর আলম সরকারের উপস্থিতিতে তাঁর অনুসারীরা বাঙ্গরা বাজারে অতর্কিত হামলা করে ও গুলি চালায়।’