মুরাদনগরে গণপিটুনিতে একজন নিহত
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া গ্রামে গতকাল বুধবার গণপিটুনিতে সন্দেহভাজন এক ডাকাত নিহত হয়েছে। আটক হয়েছে অপর একজন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে কুমিল্লার চান্দিনা উপজেলার শ্রীমন্তপুর গ্রামের জহিরুল ইসলামসহ (৩৮) তিন ব্যক্তি ঢাকা যাওয়ার উদ্দেশে চান্দিনা-বাগুর বাসস্ট্যান্ডে একটি মাইক্রোবাসে ওঠেন। ওই মাইক্রোবাসে আগে থেকেই কয়েকজন যাত্রী ছিলেন। মাইক্রোবাসটি চান্দিনার নূরীতলা এলাকায় পৌঁছালে যাত্রীবেশী চার ডাকাত অস্ত্রের ভয় দেখিয়ে অন্যদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোনসেট ছিনিয়ে নিয়ে মাইক্রোবাস থেকে নামিয়ে দিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় তাঁদের চিৎকারে আশপাশের লোকজন এসে মাইক্রোবাসটি আটক করে। একপর্যায়ে ডাকাতেরা মাইক্রোবাস থেকে নেমে পালানোর চেষ্টা করে। স্থানীয় জনগণ ধাওয়া করে তাদের দুজনকে মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া এলাকায় ধরে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যায়। তার পরিচয় পাওয়া যায়নি।গণপিটুনিতে মো. শরীফ নামের অপরজন গুরুতর আহত হয়। তার বাড়ি চাঁদপুরের কল্যাণদি গ্রামে। খবর পেয়ে মুরাদনগর থানার পুলিশ তাঁদের উদ্ধার করে। আহত ডাকাতকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য একই মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। মুরাদনগর থানার উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম বলেন, গণপিটুনিতে একজন নিহত হওয়ার ঘটনায় তিনি একটি মামলা করেছেন। চান্দিনা থানায় পৃথক মামলা হয়েছে।