মুরাদনগরে গ্যাস-সংযোগের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার মুরাদনগর উপজেলার ছয়টি ইউনিয়নে গ্যাসসংযোগের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ হয়েছে। গতকাল শনিবার দুপুরে ছালিয়াকান্দি, বাবুটিপাড়া, জাহাপুর, ধামঘর, পাহাড়পুর ও দারোরা ইউনিয়নের লোকজন একসঙ্গে ছালিয়াকান্দি বাজারে এসব কর্মসূচি পালন করেন।এলাকাবাসী সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু মুছা সরকারের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ছালিয়াকান্দি বাজার থেকে শুরু হয়ে নেয়ামতকান্দি, আমপাল, মাধবপুর হয়ে ছালিয়াকান্দি বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তব্য দেন আবু মুছা সরকার, তৌহিদ মিয়া, অরুণ কুমার রায়, মিজানুর রহমান, মোস্তফা কামাল, আজাদ সরকার, তিতাস সূত্রধর প্রমুখ। বিভিন্ন শ্রেণী-পেশার কয়েক হাজার মানুষ এসব কর্মসূচিতে অংশ নেন।বক্তারা বলেন, বাংলাদেশের গ্যাসক্ষেত্রগুলোর মধ্যে অন্যতম বাখরাবাদ, শ্রীকাইল ও বাঙ্গুরা মুরাদনগরে হলেও মুরাদনগরবাসীই গ্যাস পাচ্ছে না। তাই আমাদের এলাকার গ্যাস আমাদের সবার আগে সরবরাহ করতে হবে। অন্যথায় দেশের কোথাও গ্যাস নিতে দেওয়া হবে না।