মুরাদনগরে গ্যাসের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি, বাবুটিপাড়া, জাহাপুর, ধামঘর, পাহাড়পুর ও দারোরায় ইউনিয়নে গ্যাস-সংযোগের দাবিতে গতকাল শনিবার দুপুরে এক সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী সাত দিনের মধ্যে গ্যাস-সংযোগের দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরা।দুপুর ১২টায় ছালিয়াকান্দি ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবনে অনুষ্ঠিত সভায় বক্তারা ওই হুঁশিয়ারি উচ্চারণ করেন।ছালিয়াকান্দি ইউপির চেয়ারম্যান আবু মুছা সরকারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জাহাপুর ইউপির চেয়ারম্যান সৈয়দ তৌফিক আহমেদ মীর, পাহাড়পুর ইউপির চেয়ারম্যান তোফায়েল আহমেদ শিকদার, জওহর লাল বণিক, কাজী আবদুল লতিফ, আবদুর রহিম মুন্সী, আফাজ উদ্দিন, মোফাজ্জল হোসেন, গুরুদাস পাল, আবু তাহের প্রমুখ। বক্তারা বলেন, ৬ থেকে ৮ এপ্রিল উল্লিখিত ছয়টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ, ৯ এপ্রিলের মধ্যে সব ইউনিয়ন ও ওয়ার্ডে সর্বদলীয় সংগ্রাম কমিটি গঠন, ১০ এপ্রিল প্রস্তুতি সভা, ১১ এপ্রিল সকাল ১০টায় বাখরাবাদ গ্যাসফিল্ড ঘেরাও এবং কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেওয়া হবে। সভা শেষে সর্বসম্মতিক্রমে আবু মুছা সরকারকে আহ্বায়ক করে ৫১ সদস্যবিশিষ্ট সর্বদলীয় সংগ্রাম কমিটি গঠন করা হয়।ইউপি চেয়ারম্যান আবু মুছা সরকার বলেন, ‘মুরাদনগরের বাখরাবাদ, বাঙ্গরা ও শ্রীকাইলের প্রাকৃতিক গ্যাস মুরাদনগরবাসীর সম্পদ। মুরাদনগরবাসীকে বঞ্চিত করে ওই গ্যাস দেশের লোকজন পাচ্ছে। এ গ্যাস আমাদের এলাকায় উৎপাদিত হলেও আমরা সে সুফল পাচ্ছি না।’ তিনি আরও বলেন, সিদ্ধিরগঞ্জে গ্যাসলাইনের সংযোগ নিতে দক্ষিণ মুরাদনগরের ছয় ইউনিয়নের কয়েক শ কৃষকের জমির ক্ষতি হচ্ছে।