মুরাদনগরে গ্যাসের দাবিতে সড়ক অবরোধ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় গ্যাস-সংযোগের দাবিতে গতকাল রোববার সকালে কাঠের গুঁড়ি ও বাঁশ ফেলে বাখরাবাদ-কুমিল্লা সড়ক তিন ঘণ্টা অবরোধ করে রাখে এলাকাবাসী। একই সঙ্গে তারা উপজেলার গাঙ্গুটিয়া এলাকায় অবস্থিত বাখরাবাদ গ্যাস ফিল্ডের কার্যালয় ঘেরাও করে।গত শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুরাদনগর সফরে এসে গ্যাস-সংযোগের দাবির বিষয়ে কোনো প্রতিশ্রুতি না দেওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী ওই কর্মসূচি পালন করে।প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল সকাল নয়টার দিকে দক্ষিণ মুরাদনগর এলাকার দারোরা, ধামঘর, জাহাপুর, ছালিয়াকান্দি, পাহাড়পুর ও বাবুটিপাড়া ইউনিয়নের প্রতিটি গ্রামে গ্যাস-সংযোগের দাবিতে গঠিত সর্বদলীয় আবাসিক গ্যাস সংগ্রাম কমিটি সড়ক অবরোধ করে। এ সময় মুরাদনগরের বাখরাবাদ থেকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস নেওয়ার জন্য নির্মিত নতুন পাইপলাইন উপড়ে ফেলা হয়। পরে দুপুর ১২টার দিকে আওয়ামী লীগের কুমিল্লা উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে দাবি পূরণের আশ্বাস দিলে তাঁরা অবরোধ ও ঘেরাও কর্মসূচি তুলে নেয়। মুরাদনগরের ইউএনও নাজমা বেগম বলেন, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে।