মুরাদনগরে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলার ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একুশে পদকপ্রাপ্ত কুমিল্লার মুরাদনগরের আবুল হাশেমের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থাপনা করায় ছাত্রলীগের সাবেক এক নেতার বাড়িতে হামলা, লুটপাট ও তাঁকে প্রাণনাশের হুমকির ঘটনায় মামলা হয়েছে। মুরাদনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাহেদুল আলম বাদী হয়ে গত শনিবার রাতে মুরাদনগর থানায় এই মামলা করেন।মামলায় উল্লেখ করা হয়, গত শনিবার দুপুর ১২টায় মুরাদনগর উপজেলার কোড়েরপাড় আদর্শ ডিগ্রি কলেজের মাঠে ২০১১ সালে সমাজসেবায় একুশে পদকপ্রাপ্ত আবুল হাশেমের সংবর্ধনার আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ। ওই অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন বাদীর বড় ভাই এবং বঙ্গবন্ধু শিক্ষা ও স্বাস্থ্য ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাইফুল আলম। বেলা তিনটায় অনুষ্ঠান শেষ করে বাদী ও তাঁর বড় ভাই উপজেলার নগরপাড় গ্রামের বাড়িতে ফেরেন। বিকেল পাঁচটা ১০ মিনিটের দিকে কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফেরদৌস হোসেন ভূঁইয়ার নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগের একদল সশস্ত্র নেতা-কর্মী তাঁদের ‘মাতৃছায়া’ বাড়িতে গিয়ে হামলা, লুটপাট চালান এবং প্রাণনাশের চেষ্টা করেন। তাঁরা চাঁদাও দাবি করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।মামলার আসামিরা হলেন: ফেরদৌস হোসেন ভূঁইয়া (৩৮), নাসির উদ্দিন (৩৭), রামপ্রসাদ দেব (৪২), কাজী জাকারিয়া (৩৮), জাকির হোসেন (৩২), মারুফ হোসেন (২৮), জসিম উদ্দিন (২৪), হুমায়ুন (৩০), আলমগীর (২২) ও দেলোয়ার হোসেন (৩৮)। তাঁরা সবাই ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মী।এ ব্যাপারে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোয়াজ্জেম হোসেন বলেন, ১০ ব্যক্তির নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫-১৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। তদন্ত করে আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।