মুরাদনগরে ডোবা থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার
কুমিল্লার মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের মুগশাইর গ্রামের ডোবা থেকে আবু ইউসুফ (৩২) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির মাথার পেছনের অংশে একাধিক ক্ষতের চিহ্ন রয়েছে। তিনি ওয়ার্কশপ ব্যবসায়ী ছিলেন।
পুলিশ বলছে, ওই ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল রোববার সকাল নয়টায় বাড়ির পাশের একটি ডোবা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের প্রয়াত আবদুল মান্নানের ছেলে। ইউসুফের স্ত্রী রেখা আক্তার বলেন, গত শনিবার রাত সাড়ে আটটায় ভাত খাওয়ার পর বাড়ির পাশের একটি দোকান থেকে ওষুধ আনতে বের হন তাঁর স্বামী। এরপর আর ফিরে আসেননি। রাতে বিভিন্ন জায়গায় খোঁজ করে তাঁর সন্ধান পাওয়া যায়নি। গতকাল রোববার সকালে পথচারীরা বাড়ির দক্ষিণ পাশের ডোবায় ইউসুফের লাশ ভাসতে দেখেন। খবর পেয়ে মুরাদনগর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। তারা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
মুরাদনগর থানার ওসি মিজানুর রহমান বলেন, এ ঘটনায় নিহত ব্যবসায়ীর স্ত্রী অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। আর্থিক লেনদেন না পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড, তা এক্ষুনি বলা যাচ্ছে না।