মুরাদনগরে দম্পতি এসিড সন্ত্রাসের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার মুরাদনগর উপজেলার উত্তর বাখরনগর গ্রামের এক নবদম্পতি গত শনিবার রাতে এসিড সন্ত্রাসের শিকার হয়েছেন। দিনমজুরির পাওয়া টাকা নিয়ে বিরোধের জের ধরে প্রতিবেশী একদল দুর্বৃত্ত তাঁদের ওপর এসিড ছুুড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উত্তর বাখরনগর গ্রামের দিনমজুর সোহেল মিয়া (২০) ও তাঁর স্ত্রী জেসমিন আক্তার (১৮) শনিবার রাতে তাঁদের ঘরে শুয়েছিলেন। ১০টার দিকে ঘরের জানালা দিয়ে দুর্বৃত্তরা তাঁদের লক্ষ্য করে এসিড ছুড়ে মারে। চিৎকার শুনে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা তাঁদের উদ্ধার করে প্রথমে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে ওই রাতেই তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, এসিডে সোহেলের বাঁ হাত ও শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। তাঁর স্ত্রীর বাঁ হাত, পেটসহ শরীরের একাংশ ঝলসে গেছে। এ ঘটনায় এসিডদগ্ধ সোহেলের বাবা মো. কুদ্দুছ গতকাল রোববার বিকেলে একই গ্রামের সাতজনের বিরুদ্ধে মুরাদনগর থানায় মামলা করেছেন।মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সবুর প্রথম আলোকে জানান, ঘটনাস্থল থেকে আলামত হিসেবে বিছানার চাদর, বালিশ ও কম্বল জব্দ করা হয়েছে। মামলার তদন্ত চলছে।