মুরাদনগরে দ্বিতীয় শ্রেণীর ছাত্রের টুকরা করা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার মুরাদনগরে এক স্কুলছাত্রের চার টুকরা করা গলিত লাশ উদ্ধার করেছে মুরাদনগর থানা পুলিশ। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার কাশিমপুর কবরস্থানের উত্তর পাশের ধানখেত থেকে মো. আরমান (৯) নামের ওই শিশুর অর্ধগলিত লাশের টুকরাগুলো উদ্ধার করা হয়।আরমান উপজেলার কড়ইবাড়ী গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশসদস্য মো. লাল মিয়ার ছেলে এবং কড়ইবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। পুলিশ ও নিহতের পরিবার জানায়, আরমান গত বুধবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় তার বাড়ির পাশের বিল থেকে হাঁস আনতে গিয়ে নিখোঁজ হয়। পরদিন বৃহস্পতিবার বিকেলে কবরস্থানসংলগ্ন ধানখেতে স্থানীয় লোকজন একটি শিশুর মাথা ও হাত-পা পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করে। এ ব্যাপারে নিহতের বাবা লাল মিয়া বৃহস্পতিবার রাতেই মুরাদনগর থানায় হত্যা মামলা করেন। লাল মিয়া বলেন, ‘আমার কোনো শত্রু নেই। কারা, কেন আমার ছেলেকে এত নির্মমভাবে খুন করল, তা আমার জানা নেই।’মামলার তদন্ত কর্মকর্তা মুরাদনগর থানার উপপরিদর্শক (এসআই) মো. জাফর আহমেদ বলেন, শিশুটির মাথা, একটি হাত, একটি পা এবং দেহের বাকি অংশ বিচ্ছিন্ন অবস্থায় পড়ে ছিল। দেহের অধিকাংশ মাংস জীবজন্তু ও পোকামাকড় খেয়ে ফেলেছে। পড়ে থাকা পরিধেয় বস্ত্র দেখে লাশ শনাক্ত করে আরমানের পরিবারের লোকজন। প্রকৃত খুনিদের ধরতে জোর তদন্ত চলছে।