মুরাদনগরে প্রতিবন্ধী ধর্ষণের প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪
কুমিল্লার মুরাদনগর উপজেলার ভাঙানগর গ্রামের বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণ ও তার ভাইকে কোপানোর ঘটনায় হাইকোর্টের স্বতঃপ্রণোদিত রুলের এক দিন পরই গ্রেপ্তার করা হয়েছে মামলার প্রধান আসামি নজরুল ইসলামকে (৩০)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দায়ের করা মামলার আসামি নজরুলের বাবা আবদুল কুদ্দুস, বোন রোজিনা আক্তার ও ভাবি আমেনা বেগমকেও গ্রেপ্তার করে পুলিশ।
আজ মঙ্গলবার ভোরে হোমনা উপজেলার আলগীরচর গ্রাম থেকে নজরুলকে এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার জোনারচর গ্রাম থেকে বাবা, বোন ও ভাবিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁদের কুমিল্লার আদালতে আনা হয়। আদালতের বিচারক তাঁদের কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণের নির্দেশ দেন। বাঙ্গরা থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান আজ বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।
বাঙ্গরা থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৩ ডিসেম্বর বিকেলে প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে একই গ্রামের নজরুল ইসলামের বিরুদ্ধে। পরবর্তী সময়ে ওই ঘটনা গ্রাম্য সালিসে মীমাংসা করার উদ্যোগ নেয় থানা-পুলিশ ও শ্রীকাইল ইউনিয়ন পরিষদের এক সদস্য। দীর্ঘ সময়ে ওই ঘটনার বিচার না হওয়ায় ৬ জানুয়ারি রাতে ওই কিশোরীর ভাই এলাকাবাসীর কাছে বিচার দাবি করেন। এতে ক্ষুব্ধ হয়ে ওই রাতেই তাঁকে মারধর করেন নজরুল ইসলাম ও তাঁর সহযোগীরা। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মুজিবুর রহমান বিষয়টি আদালতের নজরে আনেন। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত রুল দেন। এতে আসামি নজরুলকে অবিলম্বে গ্রেপ্তার ও ৪৮ ঘণ্টার মধ্যে এজাহার গণ্য করার জন্য বাঙ্গরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) প্রতি নির্দেশ দেন। একই সঙ্গে জেলা পুলিশ সুপার ও বাঙ্গরা থানার ওসিকে দুই সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
এরই পরিপ্রেক্ষিতে সোমবার বিকেল থেকে পুলিশ বিভিন্ন স্থানে তল্লাশি চালায়। সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত হোমনা ও বাঞ্ছারামপুর উপজেলায় তল্লাশি চালিয়ে মামলার পাঁচ আসামির মধ্যে চার আসামিকে গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন বলেন, ‘এ ঘটনায় কুমিল্লার অতিরিক্ত জেলা পুলিশ সুপার (উত্তর) আবদুল মোমেনকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে। মামলার পাঁচ আসামির মধ্যে নজরুলের মাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। নজরুলকে তাঁর ছোট বোনের বাড়ি থেকে এবং অন্যদের তাঁর খালার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আদালতের নির্দেশনার আগেই আমরা মামলা নিয়েছি। এখন আদালতের নির্দেশ মেনেই অন্য কার্যক্রম হবে।’
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ ডিসেম্বর মুরাদনগর উপজেলার বড় পিপড়িয়া গ্রামের আফজাল শাহ ফকিরের বার্ষিক ওরস মাহফিলে যায় ওই প্রতিবন্ধী কিশোরী। বিকেল চারটার দিকে তাকে একই গ্রামের নজরুল ইসলাম মাজারের পাশের একটি ইটভাটায় ফুসলিয়ে নিয়ে যান। সেখানে নিয়ে ওই বখাটে কিশোরীকে ধর্ষণ করেন। পরে কিশোরীটি বাড়িতে গিয়ে বিষয়টি তার মাকে জানায়। পরে তিনি বিষয়টি এলাকার বিভিন্ন ব্যক্তি ও মহিলা সদস্যকে জানান। তাঁরা এ ঘটনার বিচার করবেন বলে আশ্বস্ত করেন। দীর্ঘ সময়ে বিচার না হওয়ায় প্রতিবন্ধী শিশুর মা ১ জানুয়ারি বাঙ্গরা থানায় ধর্ষণের অভিযোগে একটি মামলা করেন। ওই মামলায় বখাটে নজরুল ইসলাম, তাঁর বাবা আবদুল কুদ্দুস, মা সেলিনা আক্তার, বোন রোজিনা আক্তার ও ভাগনি আমেনা আক্তারের নাম উল্লেখ করা হয়। মামলায় অজ্ঞাতনামা আরও পাঁচজনকে আসামি করা হয়। মামলা করার পর কোনো আসামি গ্রেপ্তার ও এলাকাবাসী বিচার না করায় ক্ষিপ্ত হন মেয়েটির ভাই। এ ঘটনার প্রতিবাদ করায় ৬ জানুয়ারি রাত আটটায় ভাঙানগর গ্রামের সড়কে ওই প্রতিবন্ধী কিশোরীর ভাইকে নজরুলের নেতৃত্বে একদল বখাটে কুপিয়ে জখম করে। এ সময় তাঁর চিত্কারে আশপাশের লোকজন এগিয়ে আসে। দ্রুত তাঁকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিত্সার জন্য ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করানো হয়।