মুরাদনগরে প্রার্থী বদলের খেসারত দিল বিএনপি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার মুরাদনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন পেয়েছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির উপদেষ্টা মোহাম্মদ গোলাম কিবরিয়া সরকার। নির্বাচনের তিন দিন আগে হঠাৎ করেই তাঁকে সরিয়ে নতুন একজনকে প্রার্থী ঘোষণা করা হয়। এতে করে দলীয় নেতা-কর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন।

গত সোমবার অনুষ্ঠিত নির্বাচনে গোলাম কিবরিয়াই ওই প্রার্থীর চেয়ে বেশি ভোট পান। বিএনপির দুই প্রার্থীর প্রাপ্ত ভোট আওয়ামী লীগের বিজয়ী প্রার্থীর চেয়ে অনেক বেশি। তাই বিএনপিকে প্রার্থী পরিবর্তনের খেসারতই দিতে হলো বলে অনেকে মনে করছেন।

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষক ও দলীয় নেতা-কর্মী জানান, গত ২ মার্চ মনোনয়নপত্র দাখিলের পর মুরাদনগর উপজেলা বিএনপি গোলাম কিবরিয়া সরকারকে দলীয় সমর্থন দেয়। এর পর থেকে তিনি পুরো নির্বাচনী এলাকায় প্রচারণা ও গণসংযোগে বেশ এগিয়ে ছিলেন। হঠাৎ করে ২৭ মার্চ রাতে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের বিএনপির সাবেক সাংসদ কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের পরিবার ও তাঁর অনুসারীরা প্রার্থী পরিবর্তন করেন। তাঁরা ৭ নম্বর বাঙ্গরা পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ঘোড়া প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী মহিউদ্দিন আহাম্মদ ওরফে অঞ্জনকে সমর্থন দেন। একই সঙ্গে কিবরিয়াকে দল থেকে বহিষ্কার করা হয়। এ অবস্থায় সোমবার নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে কিবরিয়া পেয়েছেন ৩৬ হাজার ৮১৭ ভোট। অন্যদিকে মহিউদ্দিন পেয়েছেন ৩৩ হাজার ২৩৪ ভোট। আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী সৈয়দ আবদুল কাইয়ুম ৬৩ হাজার ৩২১ ভোট পেয়ে বিজয়ী হন। বিএনপির দুই প্রার্থী মিলে আওয়ামী লীগের প্রার্থীর চেয়ে ছয় হাজার ৭৩০ ভোট বেশি পেয়েছেন।

কুমিল্লার ১৩টি উপজেলার মধ্যে মুরাদনগরে অপেক্ষাকৃত ঝামেলামুক্ত পরিবেশে নির্বাচন হয়েছে। তাই কিবরিয়া একক প্রার্থী থাকলে বিএনপির জয়ী হওয়ার সম্ভাবনা ছিল বলে দলের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা মনে করছেন। জানতে চাইলে মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ কায়কোবাদের ঘনিষ্ঠজন মো. কামাল উদ্দিন ভূঁইয়া বলেন, ‘বিএনপি নির্বাচনের তিন দিন আগে যে প্রার্থীকে সমর্থন দিয়েছিল, সেটি ঠিক ছিল। ভোট ডাকাতির কারণে আমাদের প্রার্থী হেরেছেন।’ কিন্তু আপনাদের প্রার্থী তো কম ভোট পেয়েছেন—এমন প্রশ্নের জবাবে তিনি সরাসরি কোনো মন্তব্য করেননি।

এ প্রসঙ্গে মুরাদনগর উপজেলা বিএনপির সভাপতি জিউ ফারুক জাহাঙ্গীর বলেন, ‘মনোনয়ন-বাণিজ্য করতে না পারায় কায়কোবাদের অনুসারীরা কিবরিয়াকে হারিয়ে দেন। দলের সঙ্গে তাঁরা বড় ধরনের বেইমানি করেন। যার খেসারত দিতে হলো বিএনপিকে।’