মুরাদনগরে বিএনপি নেতাকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যা
কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোলায়মানকে (৩৫) গাছের সঙ্গে বেঁধে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও অমানবিক নির্যাতন করে হত্যা করা হয়েছে। গত রোববার বিকেলে রামচন্দ্রপুর বাজারে ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ের সামনে প্রকাশ্যে এ ঘটনা ঘটলেও কেউ এগিয়ে আসেনি।নিহত সোলায়মানের পরিবারের সদস্য ও স্থানীয় বিএনপির নেতাদের অভিযোগ, হত্যাকারীরা আওয়ামী লীগের সমর্থক। এ ঘটনায় সোলায়মানের স্ত্রী মর্জিনা বেগম আওয়ামী লীগের ১৫ জন সমর্থককে আসামি করে গতকাল সোমবার সন্ধ্যায় মুরাদনগর থানায় হত্যা মামলা করেছেন। নিহত সোলায়মানের বাড়ি পার্শ্ববর্তী হোমনা উপজেলার নাগেরচর গ্রামে।সোলায়মানের পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা যায়, রোববার বেলা তিনটার দিকে আওয়ামী লীগের সমর্থক কাউছার, দুলাল, শ্যামল ফোন করে বিএনপির নেতা সোলায়মানকে রামচন্দ্রপুর বাজারে যেতে বলেন। সেখানে যাওয়ার পথে হোমনার কদমতলী সেতুর কাছে আসামাত্র আওয়ামী লীগের ১০-১২ জন সমর্থক সোলায়মানকে তুলে রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ের সামনে নিয়ে যান। তাঁরা সেখানে সবার সামনে সোলায়মানকে একটি গাছের সঙ্গে হাত-পা বেঁধে হাতুরি দিয়ে বেধড়ক পেটান। এ সময় ইউপি কার্যালয়ের সামনে অনেক লোক ছিল। ভয়ে কেউ এগিয়ে যায়নি। খবর পেয়ে সোলায়মানের স্ত্রী মর্জিনা ও ভাই রায়েত আলী ঘটনাস্থলে গিয়ে সন্ত্রাসীদের কাছে তাঁর প্রাণভিক্ষা চান। সন্ত্রাসীরা পরে সোলায়মানকে ইউপি কার্যালয়ের পাশে স্থানীয় বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠে নিয়ে যায়।মর্জিনা বেগম গতকাল প্রথম আলোকে জানান, ‘আমি গিয়ে দেখি, ওরা আমার স্বামীর বুকে দুরমুজ দিয়ে আঘাত করে পাঁজরের হাড় ভাঙছে। প্লাস দিয়ে তার ডান হাতের আঙুল ও আঙুলের নখ তুলে নিচ্ছে। সন্ত্রাসীরা এতটাই নির্দয় ছিল যে আমি স্বামীর প্রাণভিক্ষা চাইতে গেলে আমাকে বেধড়ক পেটায়।’নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শীরা জানান, নির্যাতনের একপর্যায়ে সন্ত্রাসীরা সোলায়মানের পায়ের গোড়ালিতে রড ঢুকিয়ে দেয়। পরে তাঁর পাশে তিন বোতল বিয়ার ও দুই বোতল মাদক (রিকোডেক্স) রেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে মুরাদনগর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) খোরশেদ আলম ঘটনাস্থলে গিয়ে সোলায়মানকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু সন্ত্রাসীরা তাঁদের বাধা দেয়। পরে এলাকাবাসীর সহযোগিতায় সিএনজি অটোরিকশায় করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর বিকেল সোয়া পাঁচটার দিকে সোলায়মানের মৃত্যু হয়।স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, ‘সোলায়মানের বুক, পিঠ ও শরীরের বিভিন্ন অংশ থেঁতলানো ছিল। ডান হাতের মধ্য আঙুলও থেঁতলানো ছিল এবং এক ইঞ্চির চেয়ে এক সুতা কম চামড়া ছেঁড়া ছিল। সারা শরীর বিকৃত ছিল। এ কারণে হাসপাতালে আনার পর আমরা তিন চিকিৎসক সোলায়মানকে চিকিৎসাসেবা দিচ্ছিলাম। কিন্তু ১০ মিনিটে তাঁর মৃত্যু হয়।ময়নাতদন্তের জন্য সোলায়মানের লাশ গতকাল সকালে কুমিল্লা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।সোলায়মান হত্যা মামলার আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সমর্থক শংকর, শ্যামল, দুলাল, ইকবাল, বিল্লাল, কাউছার, হোসেন, ইকবাল, জুয়েল, কাউছার, মাসুদ, বাবুল মিয়া, ময়নাল মিয়া, কাদির মিয়া, কাইয়ুম।সোলায়মানের ভাই রায়েত আলী (৪০) অভিযোগ করেন, ‘বিগত সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের বাড়িঘর জ্বালিয়ে দেয়। তারা মিথ্যা মামলায় হয়রানি করেই ক্ষান্ত হয়নি, আমার ভাইকে অমানুষিক নির্যাতনে নির্মমভাবে হত্যা করেছে।’মুরাদনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা মজিবুল হক অভিযোগ করেন, ‘মুরাদনগর আওয়ামী লীগের সন্ত্রাসীদের হাতে জিম্মি। পুলিশের সহযোগিতায় তারা হত্যা, লুণ্ঠন, নির্যাতন চালিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করে যাচ্ছে। তাদের হুমকির মুখে আমরা সোলায়মানের লাশও দেখতে যেতে পারিনি।’স্থানীয় রামচন্দ্রপুর আওয়ামী লীগের নেতা মোহন মিয়া অভিযোগ করেন, নিহত সোলায়মান একজন সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী। চারদলীয় জোট সরকারের সময় আওয়ামী সমর্থকদের ওপর হামলা-নির্যাতন করে তিনি ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন।সোলায়মানের লাশের সুরতহাল প্রস্তুতকারী, হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও মুরাদনগর থানার উপপরিদর্শক (এসআই) মনজুর কাদের জানান, ভারী বস্তুর আঘাতে সোলায়মানের বুক ও পিঠের অংশবিশেষ থেঁতলানো ছিল। প্রাথমিক তদন্তে জানা গেছে, রাজনৈতিক বা মাদক ব্যবসাকে কেন্দ্র করে আওয়ামী লীগের সমর্থকেরা এ ঘটনা ঘটিয়েছেন।মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সবুর জানান, বিএনপির নিহত নেতা সোলায়মান একজন সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে চারটি মামলা আছে। বিএনপির আমলে তিনি আওয়ামী লীগের সমর্থকদের এলাকায় থাকতে দেননি। এ কারণে তারা ক্ষুব্ধ হয়ে হত্যাকাণ্ডের ঘটনা ঘটাতে পারে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।