মুরাদনগরে বিদ্যালয় ভবন পরিত্যক্ত দুই বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার মুরাদনগর উপজেলার রামপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন পরিত্যক্ত হওয়ায় ক্লাস চলে গাছতলায়। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
কুমিল্লার মুরাদনগর উপজেলার রামপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন পরিত্যক্ত হওয়ায় ক্লাস চলে গাছতলায়। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

২৩ মাস আগে পরিত্যক্ত ঘোষণা করা হলেও কুমিল্লার মুরাদনগর উপজেলার রামপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি এখনো মেরামত করার উদ্যোগ নেওয়া হয়নি। এ কারণে প্রায় দুই বছর ধরে খোলা জায়গায় চলছে শিক্ষার্থীদের পাঠদান।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, ভবনের বিম, দেয়াল, ছাদসহ বিভিন্ন স্থানে বড় বড় ফাটল ধরেছে। ছাদ থেকে পলেস্তারা খসে পড়ছে; রড বের হয়ে আছে। বিদ্যালয়ের পেছনে এক বসতবাড়ির সামনে মাদুর বিছিয়ে পড়াশোনা করছে শিক্ষার্থীরা। ইটের স্তূপের পাশে রাখা হয়েছে বোর্ড। চতুর্থ শ্রেণির চারজন শিক্ষার্থী বলে, তারা অনেক দিন ধরে বাইরে পড়ছে। এখন গরমে-রোদে অনেক কষ্ট হয়। আর বাইরে বসলে পড়ায় মনোযোগ দেওয়াও কঠিন।
বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি (সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা) নাজমুল হাসান শিকদার জানান, বিদ্যালয়ের শিক্ষার্থীদের এখন পাশের বৈষ্ণবদের সমাধি মাঠ ও শাহীন মিয়ার বাড়ির উঠানে পাঠদান করা হচ্ছে। বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাছলিমা আক্তার বলেন, এ বিদ্যালয়ে রামপুর, কালাডুমুর, বাবুপিপাড়া, তেলুয়ামাইনকা, ভিকতলা ও বেরীরপাড় (ছোটভাসখোলা) গ্রামের শিশুরা পড়াশোনা করে। বিদ্যালয়ে বর্তমানে শিক্ষার্থী রয়েছে ৫১৮ জন। কিন্তু ২৩ মাস আগেও এ বিদ্যালয়ে ৫৯০ জন পড়াশোনা করত।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৪০ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ১৯৭৩ সালে বিদ্যালয়ের জন্য একটি পাকা ভবন নির্মাণ করা হয়। ২০১২ সালের ডিসেম্বর মাসে ভূমিকম্পে বিদ্যালয়ের সব পিলার ও দেয়ালে ফাটল ধরে। ২০১৩ সালের এপ্রিলের প্রথম সপ্তাহে উপজেলা সাবেক প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান বিদ্যালয় ভবনটি পরিত্যক্ত ঘোষণা করেন। বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে শিক্ষার্থীদের গাছতলায় পাঠদান করা হচ্ছে।
শিক্ষার্থীদের অভিভাবক খুকী বেগম ও রীতা রানী সরকার বলেন, রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে বাচ্চারা মাঝেমধ্যে অসুস্থ হয়ে পড়ে। বিদ্যালয়ে থাকা অবস্থায় ঝড়-বৃষ্টি শুরু হলে আশ্রয়ের জায়গাটুকু নেই। বিভিন্ন অসুবিধার কারণে অনেকে সন্তানদের অন্য বিদ্যালয়ে পাঠাচ্ছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমিত্রা পাল জানান, দীর্ঘ সময় ধরে বাইরে পাঠদান করায় বেঞ্চ আর টেবিলগুলো নষ্ট হয়ে গেছে। জরাজীর্ণ ভবনের জন্য বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা দিন দিন কমতে শুরু করেছে। তিনি আরও বলেন, ‘বিদ্যালয় ভবন পুনর্নির্মাণের জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন কার্যালয়ে আবেদন করতে করতে আমরা ক্লান্ত হয়ে গেছি। বৈষ্ণবদের মাঠে ক্লাস করতে গিয়ে তাদের ধর্মীয় উৎসবে আমরা নিজেদের বেতন থেকে কিছু টাকা দিই।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুব আলম বলেন, বিদ্যালয়ের ভবন নির্মাণের ব্যাপারে কয়েকবার আধা সরকারি পত্র (ডিও লেটার) পাঠানো হয়েছে। কিন্তু বরাদ্দ আসছে না। বরাদ্দ এলে ব্যবস্থা নেওয়া হবে।