মুরাদনগরে ব্যবসায়ী খুন, আটক ২
মুরাদনগর উপজেলার দক্ষিণ দিলালপুর গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী রেশাউল মিয়াকে (৩১) গত রোববার রাতে দুর্বৃত্তরা জবাই করে লাশ গোমতী নদীতে ফেলে দেয়। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা সন্দেহভাজন এক জনের বাড়ি জ্বালিয়ে দিয়েছে।এ হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে পুলিশ শাহীন মিয়া ও আলমঙ্গীর হোসেন নামের দুজনকে আটক করেছে। শাহীন প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।এলাকাবাসী, নিহত রেশাউলের পরিবার ও আটক শাহীন মিয়ার ভাষ্যমতে, উপজেলার জাহাপুর ইউনিয়নের দক্ষিণ দিলালপুর গ্রামের রেশাউল মিয়া একজন চা দোকানি ও ভাঙারি ব্যবসায়ী ছিলেন। তাঁর দোকানে একটি চুরির ঘটনায় একই গ্রামের আল আমিন জড়িত বলে গ্রাম্য প্রমাণিত হয় এবং তাঁকে জরিমানা করা হয়। এর জের ধরে এদিন রোববার সন্ধ্যায় কৌশলে রেশাউলকে সফিকুলের বাড়িতে ডেকে নিয়ে সেখানে ওত পেতে থাকা সফিকুল (৩০), আল আমিন (২৫), শাহীন মিয়া (২২), আলমগীর হোসেন (২৫), সোহেল মিয়াসহ (২৪) আরও কয়েকজন ছুরিকাঘাত ও জবাই করেন। পরে লাশ বস্তায় ভরে গোমতী নদীতে ফেলে দেওয়া হয়। এদিকে রেশাউলের পরিবার চারদিকে খোঁজাখুঁজির পরও তাঁকে না পেয়ে গতকাল সকালে সফিকুলের বাড়িতে যায়। সেখানে রক্তের দাগ দেখে তাদের সন্দেহ হয়। বিষয়টি জানাজানি হলে শাহীন পালানোর সময় বিক্ষুব্ধ জনতা তাঁকে আটক করে পুলিশে দেয়।শাহীনের স্বীকারোক্তি অনুযায়ী গোমতী নদী থেকে রেশাউলের লাশ উদ্ধার করা হয়। এ সময় বিক্ষুব্ধ জনতা সফিকুলদের বাড়িতে আগুন দেয়। মুরাদনগর থানার ওসি মোয়াজ্জেম হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।