মুরাদপুর-লালখান বাজার উড়ালসড়ক বিমানবন্দর পর্যন্ত বর্ধিত করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের মুরাদপুর থেকে লালখান বাজার পর্যন্ত নির্মাণাধীন উড়ালসড়ক বিমানবন্দর পর্যন্ত বর্ধিত করা হবে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন।
গতকাল শুক্রবার বিকেলে উড়ালসড়কের নির্মাণকাজ পরিদর্শনকালে এ কথা বলেন মন্ত্রী। প্রতিটি মোড়ে গাড়ি ওঠা-নামার জন্য উড়ালসড়কে লুপ দেওয়া হবে বলেও জানান তিনি।
এ সময় অন্যান্যের মধ্যে উড়ালসড়কের প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালাম, বোর্ড সদস্য ইউনুস গণি, গিয়াস উদ্দিন, হাসান মুরাদ ও প্রকল্প পরিচালক মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।
নির্মাণাধীন উড়ালসড়কে ত্রুটি রয়েছে উল্লেখ করে মন্ত্রী সাংবাদিকদের বলেন, উড়ালসড়কের ত্রুটি দূর করতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। তিনি নগরের বহদ্দারহাট উড়ালসড়ককে ‘ওভারপাস’ উল্লেখ করে বলেন, মুরাদপুর-লালখান বাজার পর্যন্ত উড়ালসড়ক যেন বহদ্দারহাট ওভারপাসের মতো না হয়, সে জন্য উড়ালসড়কের সঙ্গে যুক্ত প্রতিটি মোড়ে গাড়ি ওঠা-নামার জন্য লুপ দেওয়া হবে। এ জন্য প্রয়োজন হলে জমি অধিগ্রহণ করতে ও ভবন ভাঙতে হবে।