মুরাদপুরে দুই দলেই বিদ্রোহী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার মুরাদপুর এলাকা নিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫২ নম্বর ওয়ার্ড। মোট ভোটার ২৬ হাজার ৭৬৬ জন। সিটি নির্বাচনে এই ওয়ার্ডে আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন মোহাম্মদ নাছিম মিয়া (কাঁটা চামচ)। তবে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীনও (ব্যাডমিন্টন র্যাকেট) নিজেকে দলীয় প্রার্থী দাবি করছেন। আওয়ামী লীগের মতো সমস্যা আছে বিএনপিতেও। এখানে দলটির দুজন বিদ্রোহী প্রার্থী। আরও মোট প্রার্থী ১২ জন।
গত রোববার বেলা ১১টার দিকে মুরাদপুর জিরো পয়েন্ট এলাকায় কথা হয় কাউন্সিলর প্রার্থী রফিকুলের সঙ্গে। বললেন, ‘গতকাল (শনিবার) পর্যন্ত আওয়ামী লীগের সমর্থন নিয়ে দ্বিধাদ্বন্দ্ব ছিল। কিন্তু সিটি নির্বাচনে দলের দায়িত্বপ্রাপ্ত নেতা হচ্ছেন সাংসদ নাঈম রাজ্জাক। তিনি গতকাল আমার পক্ষে প্রচারণা চালিয়েছেন। তারপরই সব কনফিউশন দূর হয়ে গেছে।’ নাছিমের বিষয়ে রফিকুল বলেন, ‘তিনি দলের কেউ নন। তাই তাঁকে দলের সমর্থন দেওয়ার কিছু নেই।’
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কথা বলতে এলাকার মাদ্রাসা রোডে নাছিমের নির্বাচনী কার্যালয়ে গিয়ে জানা যায়, তিনি গণসংযোগে বের হয়েছেন। পরে বিকেলে নাছিম মুঠোফোনে বলেন, ‘দলের সমর্থন তিনিই পেয়েছেন। নাঈম রাজ্জাক এই এলাকায় এলে তাঁর নির্বাচনী কার্যালয়ে বৈঠক করেন। শনিবারও সাংসদ সেখানে গিয়েছিলেন। পরে বিদ্রোহী প্রার্থীদের নির্বাচন থেকে বসিয়ে দেওয়ার জন্যই শাহীনের সঙ্গে কথা বলেন।’ তাঁর দাবি, তিনি শ্যামপুর কদমতলী থানা আওয়ামী লীগের সহসভাপতি। আর রফিকুল হচ্ছেন বিদ্রোহী প্রার্থী।
নাছিম ও রফিকুলের বাইরেও ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. হামিদ (মিষ্টিকুমড়া) কাউন্সিলর পদে নির্বাচন করছেন। তবে তিনি আছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। অবশ্য সকালে আলাপকালে রফিকুল দাবি করেন, হামিদ ও আরেক স্বতন্ত্র প্রার্থী গাজী মাজহারুল আনোয়ার (করাত) তাঁকে সমর্থন দিয়ে প্রচারণা থেকে বিরত আছেন।
রফিকুলের এই দাবির সত্যতা জানতে বিকেলে যোগাযোগ করলে হামিদ ও মাজহারুল বললেন উল্টো কথা। তাঁরা নির্বাচন করবেন, এমনকি প্রচারণাও চালাচ্ছেন। মাজহারুলের ভাষায়, ‘এখন আসলে দেখতেন, কত বড় মিছিল নিয়ে প্রচারণা চালাচ্ছি।’
বিএনপি থেকে এখানে সমর্থন পেয়েছেন ওয়ার্ড বিএনপির (একাংশ) সাধারণ সম্পাদক মো. বাদল রানা (ঝুড়ি)। তাঁর বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। তাই পুলিশি হয়রানির ভয়ে তিনি সশরীরে প্রচারণা চালাতে পারছেন না। তাঁর কর্মীরাই গণসংযোগ করছেন।
বিএনপির বিদ্রোহী প্রার্থীদের একজন হলেন সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুল রাশেদ (বাদশা)। আরেক বিদ্রোহী প্রার্থী হলেন ওয়ার্ড বিএনপির (একাংশ) সাধারণ সম্পাদক রবিউল ইসলাম দীপু। তাঁর বিরুদ্ধে তিনটি মামলা আছে। তিনিও সশরীরে নির্বাচনী প্রচার চালাতে পারছেন না। দলের বাইরে গিয়ে কেন নির্বাচন করছেন-এ প্রশ্নে আবদুল রাশেদ বললেন, ‘এলাকাবাসী জোর করে আমাকে দাঁড় করিয়েছে। তারা আমার দিকে চেয়ে আছে।’
আওয়ামী লীগের নাছিম মনে করছেন, বিদ্রোহী প্রার্থীদের কারণে তাঁর সমস্যা হবে না। তিনি বলেন, ‘বিদ্রোহীরা বেশি ভোট পাবে না। তবে এদের জন্য আওয়ামী লীগের মেয়র প্রার্থী সাঈদ খোকন ক্ষতিগ্রস্ত হবেন।’ তবে বিদ্রোহী প্রার্থী রফিকুলের দাবি, কেবল তিনিই সাঈদের পক্ষে প্রচারণা চালাচ্ছেন।
ময়লা পানির জোয়ারে ডোবে রাস্তা: সরেজমিনে দেখা যায়, মুরাদপুরের কুদরত আলী বাজার এলাকার দুই পাশের নর্দমা উপচে ময়লা পানি রাস্তায় এসে পড়েছে। পচা দুর্গন্ধ ছড়াচ্ছে। স্থানীয় মুদি দোকানি শহীদ হক (৭১) বলেন, ‘দুপুর দুইটা-আড়াইটায় পুরো সড়ক ময়লা পানির জোয়ারে ডুবে যায়। এখন তো জুতা পায়ে আসছেন, তখন আসলে হাতে নিয়ে হাঁটতে হবে।’