মুর্তজা বশীরের নকল শিল্পকর্ম বিক্রির চেষ্টা, দুজন আটক
শিল্পী মুর্তজা বশীরের নকল ছবি বিক্রি করতে গিয়ে মনজুরুল ইসলাম ও মোহাম্মদ জুলহাস নামের দুই যুবক গ্রেপ্তার হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে এই যুবকদ্বয় একটি নকল শিল্পকর্ম বিক্রির চেষ্টা করছিলেন। তাঁরা দাবি করেন, ১৯৬৯ সালে সাড়ে চার বাই সাড়ে তিন ফুট মাপের ক্যানভাসে তেলচিত্র এঁকেছিলেন শিল্পী মুর্তজা বশীর।
ইদানীং ঢাকায় বিশিষ্ট শিল্পীদের শিল্পকর্ম নকল করে বিক্রির একটি চক্র গড়ে উঠেছে। তারা শিল্পাচার্য জয়নুল আবেদিন, পটুয়া কামরুল হাসান, এস এম সুলতান, মোহাম্মদ কিবরিয়াসহ বিভিন্ন শিল্পীর নকল ছবি বিক্রি করছে। এবার এই নকলকারীদের কবলে পড়লেন মুর্তজা বশীর।
মুর্তজা বশীর প্রথম আলোকে জানান, সকালে তাঁর পূর্বপরিচিত দুজন ছবি বিক্রির মধ্যস্থতাকারী ফোন করে জানান, স্বাধীনতার আগে করা তাঁর একটি বড় তেলচিত্র দুজন বিক্রেতা বিক্রি করতে চান। তবে কাজটি নিয়ে তাঁদের সন্দেহ হচ্ছে। এ জন্য তাঁকে কাজটি দেখিয়ে যাচাই করে নিতে চান। শিল্পী সম্মতি দিলে মধ্যস্থতাকারী শাহিন আলম ও শাহ আলম ছবি বিক্রেতা দুজন ও শিল্পকর্মটি নিয়ে তাঁর মণিপুরিপাড়ার বাসায় আসেন। ছবিটি দেখেই তিনি বুঝতে পারেন এটি নকল।
শিল্পী বলেন, ১৯৭০ সালের পর তিনি তাঁর স্বাক্ষর পরিবর্তন করেছেন। ১৯৬৯ সালের এই ছবিতে রয়েছে ১৯৭০ সালের পরে ব্যবহার করা স্বাক্ষর। তা ছাড়া, তিনি প্রতিটি ক্যানভাসের উল্টো পিঠে ছবির নাম, তারিখ, আঁকার স্থানসহ বিশেষ কিছু তথ্য লিখে রাখেন, যা নকলকারীদের জানা ছিল না। এই ক্যানভাসের উল্টো দিকে সেসব কিছুই লেখা নেই। তা ছাড়া ষাটের দশকে তিনি যে রীতির ছবি এঁকেছেন, এই ছবি মোটেই তেমন নয়। যুবক দুজন জানান, তাঁরা গুলশানের একটি পুরোনো জিনিসপত্র বিক্রির দোকান থেকে ছবিটি কিনেছেন। তবে সেই দোকান এখন আর নেই।
শিল্পী জানান, তিনি তেজগাঁও থানায় খবর দিলে পুলিশ তাঁদের আটক করে। এ ব্যাপারে একটি জালিয়াতি মামলা করা হয়েছে। মনজুরুল ইসলাম ও জুলহাসের বাড়ি জামালপুরে।