মুর্শিদাবাদ কারাগারের ৭৯ বন্দীকে আজ থেকে তিন দফায় ফেরত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর কেন্দ্রীয় কারাগারে গত বৃহস্পতিবার রাতে এক বাংলাদেশি বন্দীর মৃত্যু হয়েছে। আজ সোমবার ওই বন্দীর বাংলাদেশে ফেরার কথা ছিল। বহরমপুর কেন্দ্রীয় কারাগারের সুপার সুদীপ্ত চক্রবর্তী গতকাল রোববার প্রথম আলোকে জানান, ওই বন্দীর নাম আমিনুর রহমান (৬০)। ওই বন্দীসহ ৭৯ জনকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য গত নভেম্বরে বহরমপুর কেন্দ্রীয় কারাগারে আনা হয়। তাঁদের সবাই কারাদণ্ড ভোগকারী বা জান খালাস পাওয়া বন্দী। কারা সুপার বলেন, এসব বন্দীর কারাভোগের মেয়াদ বহু আগে শেষ হলেও বাংলাদেশে তাঁরা ফিরে যেতে পারছিলেন না। এই বন্দীদের মধ্যে আমিনুরও ছিলেন। তবে তিনি মানসিক রোগী হওয়ায় তাঁকে মানসিক বন্দীদের ওয়ার্ডে রাখা হয়েছিল। সুদীপ্ত চক্রবর্তী আরও বলেন, সোমবার থেকে তিন দিনে তিন পর্যায়ে ওই ৭৯ বন্দীকে বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে। মৃত আমিনুরের লাশ ময়নাতদন্ত শেষে বাংলাদেশে ফেরত পাঠাতে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।