মুলতবি প্রস্তাব প্রত্যাহার করে তারা জানাল আলোচনা চায় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি মুলতবি প্রস্তাব প্রত্যাহার করে জাতিকে বুঝিয়ে দিয়েছে তারা আলোচনা চায় না। সুতরাং সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতার পরিবর্তন হবে। এটা এবার থেকেই শুরু হবে।

গতকাল শনিবার গণভবনে শরীয়তপুর জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতাদের সঙ্গে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘বিএনপি ভেবেছিল, আমরা আলোচনায় রাজি হব না। কিন্তু আমরা আলোচনায় রাজি হওয়ার পর তারা প্রস্তাব প্রত্যাহার করে নেয়।’ তিনি বলেন, ‘আমি আলোচনার আহ্বান জানালাম। আর বিরোধীদলীয় নেত্রী আমাকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিলেন। আমি নাকি পালাবার পথ পাব না। তিনি ঢাকাবাসীকে হেফাজতিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেও কেউ সাড়া দেয়নি। তিনি হেফাজতিদের দিয়ে সরকার ফেলে দিয়ে ক্ষমতায় যেতে চেয়েছিলেন।’

প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতেই ষড়যন্ত্র হচ্ছে। তবে এ বিচার পৃথিবীর বহু দেশেই হচ্ছে। এটা বিরোধীদলীয় নেত্রী বন্ধ করতে পারবেন না। যুদ্ধাপরাধীদের বিচার করা আওয়ামী লীগের নির্বাচনী ওয়াদা।

শেখ হাসিনা বলেন, যারা মাইনাস টুর চক্রান্ত করেছিল, তাদের চক্রান্ত আছেই। দেশে একটি শ্রেণী আছে, যাদের ক্ষমতায় যাওয়ার খায়েশ আছে। কিন্তু জনগণের কাছে যাওয়ার সাহস নেই। ভোটে দাঁড়ানোর ক্ষমতা নেই। সাংবিধানিক পদ্ধতি তাদের ভালো লাগে না। তারা চায় যেকোনোভাবে দেশে অস্বাভাবিক পরিবেশ থাকুক।

শেখ হাসিনা বলেন, এ মাসেই পদ্মা সেতুর জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হবে। তিনি বলেন, পদ্মা সেতু নিয়ে একটি মহলের চক্রান্ত ছিল। দুর্নীতির কথা বলতে পারেনি, দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ করে বিশ্বব্যাংক অর্থ বন্ধ করে দেয়। তখনই বলেছিলাম, নিজস্ব অর্থায়নে সেতু করব।

প্রস্তাবিত বাজেটের সমালোচনাকারীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, একটা আঁতেল শ্রেণী আছে। তাদের কিছুই ভালো লাগে না। তারা বলছে, বাজেট রাজস্ব আদায়ের ওপর নির্ভরশীল। অবশ্যই বাজেট রাজস্ব আদায়ের ওপর নির্ভরশীল। আমরা কি ভিক্ষার ঝুলি নিয়ে দ্বারে দ্বারে ঘুরব নাকি? আর কত বিদেশি সাহায্যনির্ভর বাজেট দেব। আমরা চাই বাংলাদেশ আত্মমর্যাদা নিয়ে মাথা উচু করে দাঁড়াবে।  

আহমদ হোসেনের পরিচালনায় মতবিনিময় সভায় কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন কাজী জাফরউল্যাহ, সতীশ চন্দ্র রায়, আবদুল মান্নান খান, মাহবুব উল আলম হানিফ, বি এম মোজাম্মেল হক, ফরিদুন্নাহার লাইলী, হাবিবুর রহমান সিরাজ, , মৃণাল কান্তি দাস প্রমুখ।

শরীয়তপুর প্রতিনিধি জানান, শরীয়তপুরের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের ৪৫০ জন নেতা-কর্মী মতবিনিময় সভায় অংশ নেন। সরকারের গত সাড়ে চার বছরে শরীয়তপুরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পাদন করায় তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা।

শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রব মুন্সী প্রথম আলোকে বলেন, দেশীয় অর্থে পদ্মা সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ ও এ বছরের বাজেটে পদ্মা সেতু নির্মাণে অর্থ বরাদ্দ রাখায় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানিয়েছি। আগামী সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করে তিনটি আসনে বিজয় সুনিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছি প্রধানমন্ত্রীকে। 

রোটারি শান্তি পদক পেলেন প্রধানমন্ত্রী: বাসস জানায়, ‘রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮০-এর প্লাটিনাম জুবিলি উপলক্ষে সাধারণ মানুষের কল্যাণ ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলস প্রচেষ্টা চালানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গতকাল শনিবার রোটারি শান্তি পদক-২০১৩ প্রদান করা হয়। প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে  এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাঁকে এই পদক দেওয়া হয়। এ সময় প্রধানমন্ত্রী রোটারিয়ানদের প্রতি শান্তি ও উন্নয়নে অধিকতর সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। তিনি বাংলাদেশে পোলিও দূরীকরণ কর্মসূচিতে রোটারির ভূমিকার প্রশংসা করেন।