মুলাডুলিতে চাঁদাবাজির শিকার মিলাররা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি কেন্দ্রীয় খাদ্যগুদামে চাল সরবরাহ করতে এসে হয়রানির শিকার হচ্ছেন মিলমালিকেরা। একশ্রেণীর গুদামশ্রমিক ও শ্রমিকনেতা বকশিশের নামে মিলমালিকদের কাছ থেকে জোর করে চাঁদা আদায় করছেন বলে অভিযোগ উঠেছে। চাঁদা না দিলে গুদামে চাল সরবরাহ করতেও বাধা দেওয়া হচ্ছে।জানা যায়, সরকারের ইরি-বোরো সংগ্রহ অভিযানের অংশ হিসেবে মুলাডুলি খাদ্যগুদামে গত ২৪ মে চাল কেনা শুরু হয়েছে। ঈশ্বরদীর ১৪৪ জন মিলমালিক চাল সরবরাহের জন্য এ বছর সরকারের সঙ্গে চুক্তি করেছেন। গত মঙ্গলবার পর্যন্ত এই গুদামে সাত হাজার ১৭৪ দশমিক ৭৬ মেট্রিক টন চাল কেনা হয়। এখানকার চুক্তিবদ্ধ মিলাররা নাম গোপন রাখার অনুরোধে অভিযোগ করেন, মুলাডুলি খাদ্যগুদামে ট্রাক বা পাওয়ার টিলার বোঝাই করে চাল এনে পরীক্ষা-নিরীক্ষা করার পর গুদামে ঢোকানোর সময় গুদামের কয়েকজন শ্রমিক তাঁদের কাছ থেকে বস্তাপ্রতি সর্বোচ্চ ২০ টাকা করে চাঁদা আদায় করছেন। আবার চিহ্নিত গুদামশ্রমিকের নেতারা মিলারদের কাছ থেকে তিন থেকে ২০ টাকা পর্যন্ত বকশিশের নামে চাঁদা নিচ্ছেন।গত সপ্তাহে সাঁড়া ইউনিয়নের মাঝদিয়ার এক মিলার গুদামে চাল সরবরাহ করতে গেলে কয়েকজন শ্রমিকনেতা তাঁর কাছে চার হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদার টাকা না দেওয়ায় ওই নেতারা ট্রাক থেকে চাল নামাতে দেননি। ফলে গুদামে চাল না দিয়ে ওই মিলার চালের ট্রাক নিয়ে ফিরে যান। ঘটনার সত্যতা নিশ্চিত করে ওই মিলার জানান, তাঁর মতো অনেক মিলার চাল সরবরাহ করতে এসে হয়রানির শিকার হচ্ছেন।নাম প্রকাশ না করার শর্তে ঈশ্বরদীর এক মিলার জানান, মুলাডুলির কয়েকজন শ্রমিকনেতা ও ইনচার্জ নানা অজুহাতে তাঁদের হয়রানি করছেন। তাঁদের দাবি অনুযায়ী টাকা দিলে হয়রানি বন্ধ হয় এবং নিম্নমানের চাল সরবরাহ করতে দেওয়া হয়। মিলাররা জানান, এভাবে জোর করে চাঁদা আদায় করা হলে সরকারের চাল সংগ্রহ অভিযান ব্যাহত হতে পরে।ঈশ্বরদী ধান-চাল ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক সাদেক আলী বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘মুলাডুলিতে শ্রমিকনেতাদের ইন্ধনে শ্রমিকেরা নানা অজুহাতে মিলমালিকদের কাছ থেকে চাঁদা আদায় করে থাকেন। অনেকেই আমার কাছে অভিযোগ করেছেন। এ ধরনের তত্পরতা অবিলম্বে বন্ধ হওয়া উচিত।’চাঁদা আদায়ের অভিযোগ অস্বীকার করে মুলাডুলি খাদ্যগুদাম শ্রমিক সংগঠনের সভাপতি মোহাম্মদ রঞ্জু জানান, তাঁর কোনো শ্রমিক কোনো মিলারের কাছ থেকে অতিরিক্তি টাকা নেন না। মিলাররা খুশি হয়ে যে টাকা দেন, সে টাকা তাঁরা ভাগাভাগি করে নেন। মুলাডুলি খাদ্যগুদামের ব্যবস্থাপক সাইফুল আলম জানান, চাঁদাবাজির ব্যাপারে তাঁর কাছে এখনো কেউ অভিযোগ করেননি। ঘটনাটি তদন্ত করে জড়িত শ্রমিক ও গুদাম ইনচার্জদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।