মুলাডুলির শিমখেতে ভাইরাস ও পচন রোগ
পাবনার ঈশ্বরদীর মুলাডুলির শিমখেতে ভাইরাস ও পচন রোগের সংক্রমণ দেখা দিয়েছে। এতে এরই মধ্যে ৩০ থেকে ৪০ ভাগ শিম পচে নষ্ট হয়ে গেছে। রোগের সংক্রমণে ভাইরাসবাহী ওষুধ ছিটিয়েও লাভ হচ্ছে না। মৌসুমের শুরুতেই শিমখেতে পচন রোগ দেখা দেওয়ায় চাষিরা দিশেহারা হয়ে পড়েছেন।
সরেজমিনে দেখা গেছে, মুলাডুলির ফরিদপুর, আটঘরিয়া, রামনাথপুর, শেখপাড়া, রেলস্টেশন পাড়া, রমেশ্বাপুরসহ সাত-আটটি গ্রামের চাষিরা খেতের নষ্ট ও পচে যাওয়া শিম সরিয়ে ফেলছেন। আক্রান্ত হওয়ার ভয়ে অনেকে আবার অপরিপক্ব শিম বাজারে আগাম বিক্রি করে দিচ্ছেন। মৌসুমের শুরুতে ভাইরাস আক্রান্ত হওয়ায় এখানকার চাষিরা দুশ্চিন্তার মধ্যে পড়েছেন।
মুলাডুলি গ্রামের চার-পাঁচজন চাষি জানান, শীতের মৌসুম শুরু হতে না-হতেই উপজেলার এই ইউনিয়নের বিভিন্ন গ্রামে খেতগুলো শিমে ভরে ওঠে। এবারও শিমের ভালো ফলন হয়েছে। চাষিরা ফলন ভালো হওয়ায় লাভের আশা করছিলেন। কিন্তু হঠাৎ শিমখেতে ভাইরাস দেখা দেওয়ায় শিম ও শিমের কুড়ি পচে নষ্ট হয়ে যাচ্ছে।
চাষি বাবু মিয়া বলেন, আক্রান্ত গাছের পাতা হলুদ রং ধারণ করছে। ছিদ্র ছিদ্র হয়ে বিবর্ণ হয়ে যাচ্ছে। দুর্বল হয়ে পড়ছে গাছ। শিম পরিপক্ব হওয়ার আগেই নষ্ট হয়ে ঝরে পড়ছে। কৃষি বিভাগের পরামর্শে ছত্রাকনাশক ওষুধ ছিটিয়েও ফল পাচ্ছেন না।
মুলাডুলি গ্রামের শিমচাষি জানে আলম বলেন, পাঁচ বিঘা জমিতে তিনি রূপভান ও অটোশিমের চাষ করেছেন। কিন্তু ভাইরাস ও পচন রোগ দেখা দেওয়ায় তাঁর জমির ৪০ ভাগ শিম পচে নষ্ট হয়ে গেছে।
একই গ্রামের অঝর খাঁ বলেন, জমিতে ভাইরাস আক্রান্ত হওয়ায় পাঁচ বিঘা জমির মধ্যে দুই বিঘার অপরিপক্ব শিম নষ্ট হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এ ভয়ে তিনি লোকসান দিয়ে এসব শিম কয়েক দিন আগে বিক্রি করে দেন।
ঈশ্বরদী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এ বছর ঈশ্বরদী উপজেলায় দেড় হাজার হেক্টর জমিতে শিমের চাষ হয়েছে। এর মধ্যে শুধু মুলাডুলিতেই ১ হাজার ২০০ হেক্টর জমিতে শিমের আবাদ হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা রওশন জামাল বলেন, ভাইরাস আক্রান্ত হওয়ায় খেতের ৩০ থেকে ৪০ ভাগ শিম নষ্ট হয়েছে। তিনি মুলাডুলির কয়েকটি খেত পরিদর্শন করেছেন। তিনি আরও বলেন, এটা ভাইরাস জাতীয় রোগ। সবজির খেতে এ রোগের সংক্রমণ হয় বেশি। তাপমাত্রা বেড়ে যাওয়া, আগের ভাইরাস আক্রান্ত বীজ জমিতে বপন করায় এবং আবাদি জমির সঠিক যত্ন না নেওয়ায় এ রোগ দেখা দেয়। এ রোগের কারণে শিমের গায়ে দাগ পড়ে ও পাতা পচে নষ্ট হয়ে যায়। কৃষি বিভাগের ভাষায় এ রোগের নাম ‘লিট স্পষ্ট।’ স্থানীয়ভাবে পচন রোগ বলা হয়। তিনি বলেন, রোগের সংক্রমণ ঠেকাতে চাষিদের খেতের যথাযথ পরিচর্যা করতে ও ছত্রাকনাশক ওষুধ দিতে পরামর্শ দেওয়া হচ্ছে। এ ছাড়া স্থানীয় বীজের পরিবর্তে মানসম্মত বীজ বপনের জন্য চাষিদের এ বছর থেকে সতর্ক হতেও বলা হয়েছে।