মুলাদিতে ভোট বর্জন দুই প্রার্থীর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের মুলাদি উপজেলা নির্বাচনে আজ শনিবার বিএনপি-সমর্থিত ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে কেন্দ্র দখল ও কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ এনেছেন তাঁরা।
বেলা পৌনে ১১টার দিকে উপজেলার দলীয় কার্যালয়ে বিএনপি-সমর্থিত প্রার্থী মো. আবদুস সত্তার ভোট বর্জনের ঘোষণা দেন।
প্রায় একই সময় বিএনপির বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী বেলাল হোসেনও পৃথকভাবে ভোট বর্জনের ঘোষণা দেন।
ভোট বর্জনকারী উভয় প্রার্থী আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মো. তারিকুল হাসান খানের বিরুদ্ধে কেন্দ্র দখল ও কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ এনেছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার বলেন, ‘দুই প্রার্থী ভোট বর্জন করেছেন বলে আমরা সংবাদ পেয়েছি। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে আমরা অবগত নই।’