মুলাদী প্রেসক্লাবের সভাপতি হত্যায় দুজনের মৃত্যুদণ্ড
বরিশালের মুলাদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মনির হোসেন রাঢ়ী হত্যার দায়ে দুজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে বরিশালের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সুদীপ্ত দাস এই রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন আলাউদ্দিন রাঢ়ী ও রাসেল রাঢ়ী। তাঁরা সম্পর্কে বাবা ও ছেলে। দণ্ডপ্রাপ্ত আলাউদ্দিন রাঢ়ী নিহত সাংবাদিক মনির রাঢ়ীর চাচাতো ভাই। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আলাউদ্দিনের ছেলে সোহাগ রাঢ়ীকে খালাস দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা মুলাদী পৌর এলাকার বাসিন্দা।
বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি গিয়াস উদ্দিন কাবুল বলেন, ২০১০ সালের ২১ ডিসেম্বর মুলাদী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দলিল উদ্দিন ও আনোয়ার হোসেনের বাড়ির চলাচলের পথ বন্ধ করতে সীমানাপ্রাচীর নির্মাণ করছিলেন আলাউদ্দিন রাঢ়ী ও তাঁর ছেলেরা। এ সময় প্রতিবেশীরা চলাচলের পথ বন্ধ করার বিষয়টি সাংবাদিক মনির রাঢ়ীকে জানান। মনির প্রতিবেশীদের চলাচলের পথে প্রাচীর নির্মাণ না করতে আলাউদ্দিনকে অনুরোধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে আলাউদ্দিন ও তাঁর সন্তানেরা মনিরের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং একপর্যায়ে আলাউদ্দিনের নির্দেশে রাসেল মনিরের মাথায় কোদাল দিয়ে কোপ দেন। চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।
মনিরের ভাই জসিম উদ্দিন মুলাদী থানায় আলাউদ্দিন, তাঁর দুই ছেলে, স্ত্রী আলেয়া বেগম ও প্রতিবেশী মোতালেব রাঢ়ীকে অভিযুক্ত করে মামলা করেন। ২০১১ সালের ১৭ মার্চ মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. কায়কোবাদ ওই পাঁচজনকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন। ২০১৪ সালের ২ জুলাই মামলার এক আসামি মোতালেব রাঢ়ী মারা যান। ২০১৫ সালের ২২ ফেব্রুয়ারি আলেয়া বেগমকে মামলা থেকে অব্যাহতি দেন আদালত। এরপর আলাউদ্দিন এবং তাঁর দুই ছেলে সোহাগ রাঢ়ী ও রাসেল রাঢ়ীর বিরুদ্ধে হত্যার অভিযোগ গঠন করেন আদালত। ২২ জন সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষে গতকাল মঙ্গলবার আদালত ওই রায় দেন।