মুলাদী প্রেসক্লাবের সভাপতিকে কুপিয়ে হত্যা
বরিশালের মুলাদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মনির হোসেনকে (৩৫) সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে। নিজ বাড়ির কাছে গত মঙ্গলবার বিকেলে তিনি খুন হন। নিহত মনির উপজেলার তেরচর গ্রামের বাসিন্দা ও আঞ্চলিক দৈনিক মতবাদ-এর মুলাদী প্রতিনিধি। তিনি মুলাদী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ছিলেন।নিহত মনিরের পারিবারের অভিযোগ, চাচাতো ভাই সোহেল রাঢ়ীর সঙ্গে মনিরের জমিজমাসংক্রান্ত বিরোধের জের ধরে মঙ্গলবার বিকেলে চাচাতো ভাই সোহেল ও তাঁর সহযোগীরা মনিরকে কুপিয়ে জখম করে। তাঁকে মঙ্গলবার বিকেলে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি ঘটলে ঢাকার উদ্দেশে যাত্রা করা হয়। রাত সাড়ে ১২টায় দৌলতদিয়া ফেরিঘাটে পৌঁছার পর মনিরের মৃত্যু হয়।মনিরের লাশ গতকাল বুধবার সকালে বরিশাল প্রেসক্লাব চত্বরে আনা হয়। সেখানে সাংবাদিকেরা মনিরের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে মনির হত্যার প্রতিবাদে সাংবাদিকেরা বরিশাল শহরে মিছিল করেন। গতকাল আসরের নামাজের পর মুলাদী হাইস্কুল মাঠে জানাজা শেষে মনিরের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।নিহত মনির এক সন্তানের জনক। এ ঘটনায় তাঁর ভাই জসিম রাঢ়ী বাদী হয়ে সোহেলসহ পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। গতকাল রাত আটটা পর্যন্ত পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক আকতারুজ্জামান তালুকদার বলেন, নিহত মনিরের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। আগামী রোববারের মধ্যে প্রতিবেদন দেওয়া যাবে। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রথম আলোকে বলেন, ঘটনার পরপরই পুলিশ ওই সন্ত্রাসীদের গ্রেপ্তারের জন্য অভিযানে নামে। অভিযান অব্যাহত রয়েছে।