মুলাদীতে অগ্নিদগ্ধ হয়ে ভাইবোনের মৃত্যু
রাত সাড়ে ১০টায় দুই সন্তানকে ঘুম পাড়িয়ে স্বামীর খোঁজে বের হয়েছিলেন এক গৃহবধূ। সন্তানদের নিরাপত্তার কথা ভেবে ঘরে তালা লাগিয়েছিলেন। ঘরে জ্বলছিল কুপি। কিছুক্ষণ পর সেই কুপি থেকে ঘরে আগুন লেগে যায়।
রাত সাড়ে ১১টায় এলাকাবাসী আগুনের শিখা দেখে ছুটে আসে সেখানে। তাঁরা এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিলে দ্রুত সেখানে ছুটে আসেন ওই গৃহবধূ। কিন্তু ততক্ষণে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে তাঁর দুই সন্তান। তিনি ফিরে এসে দেখতে পান তাদের লাশ। বরিশালের মুলাদী উপজেলায় গত সোমবার দিবাগত রাতে এই দুর্ঘটনা ঘটে।
আগুনে পুড়ে মারা যাওয়া ওই দুই শিশুর নাম তাসমিয়া আক্তার (৫) ও মো. হাসান (৩)। তারা পরিচ্ছন্নতাকর্মী জাকির হোসেনের সন্তান। জাকির উপজেলার মুলাদী-হিজলা সেতুর সংযোগ সড়কের পাশে স্ত্রী রেখা বেগম ও দুই সন্তানকে নিয়ে ফজলে আলী খানের ঘরে ভাড়া থাকতেন।
রেখা বেগম বলেন, ‘দুই ঘণ্টা আগেও তাঁর দুই সন্তান খেলছিল। সন্তানেরা চুরি হয়ে যেতে পারে বলে কুপি জ্বালিয়ে রেখে ঘরে তালা দিয়ে যাই। এক ঘণ্টার মধ্যে দুই সন্তান আগুনে পুড়ে মারা যায়।’ মুলাদী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুস সাত্তার খান জানান, মুলাদী-হিজলা সেতুর ঢালের বাসিন্দা ও মুলাদী বন্দরের ঝাড়ুদার জাকির হোসেনের ঘরে রাত সাড়ে ১১টার দিকে আগুন লাগে। এ সময় জাকির ও তাঁর স্ত্রী বাইরে ছিলেন। স্থানীয় লোকজন এসে রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে তাসমিয়া ও হাসান অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। গতকাল মঙ্গলবার দুপুরে জানাজা শেষে ওই দুই শিশুকে সড়কের পাশে দাফন করা হয়।