মুলাদীতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ
বরিশালের মুলাদী উপজেলায় গত বুধবার রাতে পিটিয়ে এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তাঁর নাম নার্গিস বেগম (২২)। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ গৃহবধূর স্বামী কাইউম খানসহ (৩৫) দুইজনকে গ্রেপ্তার করেছে।এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, কাইউম খানের ধর্মভাই শাহজাহান সরদার বুধবার রাত নয়টার দিকে তাঁর (কাইউম) বাড়িতে যান। এ সময় কাইউম তাঁর স্ত্রীকে শাহজাহান সরদারের সঙ্গে অনৈতিক কাজ করতে বলেন। বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজন ও কাইউম খানের চাচাতো ভাই ইসমাইল খান প্রতিবাদ জানান। এতে ক্ষিপ্ত হয়ে কাইউম খান তাঁদের গালাগালি করেন। একপর্যায়ে হাতাহাতিও হয়। অবস্থা বেগতিক দেখে ঘটনাস্থল থেকে সটকে পড়েন শাহজাহান। পরে রাত তিনটার দিকে কাইউম খান হঠাৎ তাঁর স্ত্রী মারা গেছেন বলে বিলাপ করতে থাকেন। এ সময় আশপাশের লোকজন ছুটে গিয়ে খাটের ওপর নার্গিসের লাশ পড়ে থাকতে দেখেন।মুলাদী থানার উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন জানান, পুলিশ গতকাল সকালে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় নিহত গৃহবধূর বাবা ইউনুছ সরদার বাদী হয়ে মামলা করেছেন। পুলিশ কাইউম খান ও ইসমাইল খানকে গ্রেপ্তার করেছে। তবে শাহজাহান পলাতক। এসআই মোশাররফ হোসেন জানান, স্ত্রীকে দিয়ে অনৈতিক কাজ করানো নিয়ে কথা-কাটাকাটির জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। কাইউম খান এলাকায় লম্পট হিসেবে পরিচিত। নার্গিস বেগম তাঁর পঞ্চম স্ত্রী। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান জানান, এটি হত্যাকাণ্ড। নিহতের মাথার পেছনে বড় ধরনের আঘাতের চিহ্ন রয়েছে। তবে কে বা কারা কী কারণে হত্যা করেছে, তা তদন্ত ছাড়া বলা যাবে না।