মুলাদীতে টর্নেডোর আঘাতে নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের মুলাদী উপজেলায় গতকাল শুক্রবার আকস্মিক টর্নেডোর আঘাতে দাদা-নাতনিসহ তিনজন নিহত হয়েছে। এ সময় তিন শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। উপড়ে গেছে কয়েক হাজার গাছপালা। বৈদ্যুতিক খুঁটি উপড়ে বিচ্ছিন্ন হয়ে যায় ক্ষতিগ্রস্ত এলাকার বিদ্যুত্-সংযোগ।স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার ৬ নম্বর ওয়ার্ড, পশ্চিম চরলক্ষ্মীপুর, বালুচর ও কুতুবপুর গ্রামে গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে টর্নেডো আঘাত হানে। প্রায় ১০ মিনিট স্থায়ী এ টর্নেডোতে গ্রামগুলো লন্ডভন্ড হয়ে যায়। এ সময় আড়িয়াল খাঁ নদে নৌকাডুবিতে কুতুবপুর গ্রামের চান ঘরামি (৫০) ও তাঁর নাতনি প্রিয়া (৪) মারা যায়। চরলক্ষ্মীপুর গ্রামে টর্নেডোর সময় আম কুড়াতে গিয়ে ডোবায় পড়ে হাসান (৬) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান টর্নেডোর আঘাতে প্রাণহানির পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নির্দেশ দেওয়া হয়েছে।