মুলাদীতে সালিসে দুই পক্ষের সংঘর্ষে তরুণ নিহত
বরিশালের মুলাদী উপজেলায় সালিস বৈঠকে দুই পক্ষের সংঘর্ষে রাকিব হাওলাদার (২৩) নামের এক তরুণ নিহত ও তিন ব্যক্তি আহত হয়েছেন। গতকাল শুক্রবার উপজেলার বাটামারা ইউনিয়নের সেলিমপুর বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ এক যুবককে আটক করেছে।
নিহত রাকিব হাওলাদার বাটামারা ইউনিয়নের টুমচর গ্রামের মো. বজলু হাওলাদারের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গত বৃহস্পতিবার বাটামারা ইউনিয়নে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। এদিন খেলা চলাকালে বাটামারা ইউনিয়নের টুমচর গ্রামের যুবক মো. সাদেককে সেলিমপুর গ্রামের কয়েকজন মারধর করেন। এ নিয়ে দুই গ্রামের দুই দল যুবকের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বিষয়টি মীমাংসার জন্য গতকাল সকালে সেলিমপুর বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ. রব সরদারের উদ্যোগে দুই পক্ষের মধ্যে সালিস বৈঠক শুরু হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা হয় এবং সংঘর্ষ বেধে যায়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে রাকিব হাওলাদার গুরুতর জখম হন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।