মুলাদীতে সেতু ভেঙে চালবোঝাই ট্রাক খালে

বরিশালের মুলাদী উপজেলায় বেইলি সেতু ভেঙে চালবোঝাই ট্রাক খালে পড়েছে। গতকাল শনিবার বরিশাল-মুলাদী-হিজলা সড়কের প্যাদারহাট বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এতে ট্রাকের চালক ও তাঁর সহকারী আহত হন।
বেইলি সেতুটি ভেঙে পড়ায় বরিশাল সদর থেকে মুলাদী, হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলার একাংশের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
উপজেলা প্রকৌশলী প্রবীর কুমার পাল জানান, গতকাল সকালে মীরগঞ্জ থেকে চালবোঝাই একটি ট্রাক মুলাদীর দিকে যাচ্ছিল। সকাল সাড়ে আটটার দিকে ট্রাকটি প্যাদারহাট বাজারসংলগ্ন বেইলি সেতুতে ওঠে। সেতুর মাঝখানে পৌঁছালে ট্রাকটি সেতু ভেঙে খালে পড়ে যায়। স্থানীয় লোকজন ট্রাকের চালক ও তাঁর সহকারীকে উদ্ধার করেন। আঘাত গুরুতর না হওয়ায় তাঁরা স্থানীয়ভাবে চিকিৎসা নেন।
মুলাদী উপজেলার কাজীরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মন্টু বিশ্বাস মুঠোফোনে গতকাল দুপুরে জানান, সেতুসহ ট্রাকের আংশিক পানিতে ডুবে আছে। ট্রাকে থাকা চাল সরিয়ে নেওয়া হচ্ছে। সড়ক ও জনপথ বিভাগের কর্মীরা কাজ শুরু করেছেন।
বরিশাল সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী মো. খালেদ শাহেদ বলেন, প্যাদারহাট এলাকার ৩৩ মিটার দীর্ঘ ওই বেইলি সেতুটি দিয়ে পাঁচ টনের বেশি পণ্য পরিবহন করা নিষেধ। কিন্তু ট্রাকটিতে কমপক্ষে ২০ টন পণ্য ছিল। এ কারণেই সেটি ধসে পড়েছে। সওজের কর্মীরা কাজ শুরু করছেন। দ্রুত সময়ের মধ্যে যান চলাচল শুরু করার জন্য চেষ্টা করা হচ্ছে।
জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চলছে। সাময়িকভাবে সেতুর পাশের রাস্তা দিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হচ্ছে।