মুলাদীতে স্কুলছাত্রকে খুনের কথা স্বীকার দুই আসামির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের মুলাদী উপজেলায় স্কুলছাত্র আশরাফুলকে হত্যার কথা স্বীকার করেছেন গ্রেপ্তার হওয়া তোফাজ্জেল ওরফে তোফা (২০) ও মোবারক সরদার (৩৮)।গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে তোফাজ্জেল তাঁর তিন বন্ধুকে নিয়ে আশরাফুলকে শ্বাসরোধে হত্যা করে উপজেলার সেলিমপুর বাজার এলাকার আড়িয়াল খাঁ নদীতে ফেলে দেন। এ সময় তাঁরা আশরাফুলের মুঠোফোনটিও নদীতে ফেলে দেন। হত্যাকাণ্ডে তোফাজ্জেল ও মোবারক ছাড়াও মিলন ও বেগুন পাল নামের আরও দুজন জড়িত। পুলিশ তাঁদের খুঁজছে।মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুজ্জামান বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হত্যার কথা স্বীকার করেছেন। আশরাফুলের বাবা মন্নান ভুইয়া ওই চারজনকে আসামি করে শুক্রবার হত্যা মামলা দায়ের করেন। এর আগে পুলিশ শুক্রবার সেলিমপুর থেকে তোফাজ্জেল ও মোবারককে আটক করে।