মুষ্টিচালে দুপুরের টিফিন
বিদ্যালয়জুড়ে উৎ সবের আমেজ। দুপুরে টিফিনের সময় শিক্ষার্থীদের মাঝে খাবার দেওয়া হবে। রোজকার টিফিনে যে বিস্কুট দেওয়া হয়, আজ এর ব্যতিক্রম। সব শিক্ষার্থী আজ ভুনা খিচুড়ি খাবে। বিদ্যালয়ের খেলার মাঠের এক পাশে বড় বড় পাত্রে খিচুড়ি রান্না হচ্ছে। ১০ জন অভিভাবকের (শিক্ষার্থীদের মায়েরা) একটি দল রান্নাবান্নায় ব্যস্ত।উৎ সবমুখর এ দৃশ্যটি বরগুনার আমতলী উপজেলার গোজখালী বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। বিদ্যালয়টিতে শনিবারের এ আয়োজনে স্থানীয় কৌতূহলী মানুষের পাশাপাশি উপস্থিত হয়েছেন উপজেলার কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রাথমিক শিক্ষা বিভাগের কর্তা-ব্যক্তিরা।সকাল নয়টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত পাঠ গ্রহণ করতে হয় শিক্ষার্থীদের। টানা ছয়-সাড়ে ছয় ঘণ্টায় ক্ষুধায় কাতর হয়ে পড়ে খুদে শিক্ষার্থীরা। বিদ্যালয় থেকে টিফিনের সময় যে বিস্কুট দেওয়া হয় তাও একঘেয়ে মনে হয়। অনেকে খায়, আবার অনেকে খায় না। ক্ষুধায় কাতর সন্তানদের কষ্ট কাঁহাতক সহ্য করা যায়! তাছাড়া শারীরিক বিকাশে প্রয়োজনীয় পুষ্টিও তো দরকার। এসব বিষয় মাথায় রেখে বিদ্যালয়ের ৩৮১ জন শিক্ষার্থীর ২৮০ জন অভিভাবক মা ব্যতিক্রমী এই উদ্যোগ নিয়েছেন। মায়েরা পরিবারের প্রতিদিনের রান্নার চাল থেকে এক মুষ্টি চাল বাঁচিয়ে জমা করেন। জমা হওয়া সেই চাল থেকে প্রয়োজনের অতিরিক্ত চাল বিক্রি করে কেনা হয় নুন, তেল ও প্রয়োজনীয় মসলাপাতি—জানালেন শিউলি বেগম নামের এক মা। আরেক অভিভাবক শিরিন আক্তার বলেন, ‘১০ জন করে একেকটা দল করেছি পর্যায়ক্রমে রান্না ও পরিবেশন করে খাওয়ানোর জন্য।’ শনিবার বেলা সোয়া একটার সময় বিরতির ঘণ্টা বাজতেই হইচই করতে করতে শিক্ষার্থীরা বসে পড়ল থালা-গ্লাস নিয়ে। মায়েরা তাদের খাওয়ালেন পরম মমতায়। প্রথম শ্রেণীর শিক্ষার্থী হাসিব বলল, ‘খুব মজা লাগছে খিচুড়ি খাইতে। রোজ রোজ একই বিস্কুট খাইতে ভালো লাগত না।’ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী হূদয় বলে, ‘এই রহমভাবে স্কুলে বইসা খাইতে পারলে আর ক্লাস ফালাইয়া বাড়ি যাওন লাগবে না।’বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোতাহার হোসেন বলেন, ‘আপাতত সপ্তাহের প্রতি শনিবার বাচ্চাদের এভাবে রান্না করা পুষ্টিকর খাবার দেওয়া হবে। পর্যায়ক্রমে আমরা প্রতিদিন দেওয়ার চেষ্টা করব।’ গত শনিবারই ছিল মায়েদের মুষ্টিচালে শিশুদের খিচুড়ি খাওয়ার ব্যতিক্রমী কার্যক্রমের প্রথম দিন। কার্যক্রমের উদ্বোধন করতে আসেন বরগুনার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র হালদার। তিনি বলেন, ‘প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য দুপুরের খাবার পরিবেশনের জন্য “মিড ডে মিল” নামে শিক্ষা মন্ত্রণালয়ের একটি উদ্যোগ রয়েছে। তবে এ জন্য সরকারিভাবে কোনো বাজেট বরাদ্দ ছিল না। আমরা অভিভাবকদের সঙ্গে আলোচনা করে স্থানীয়ভাবে এ রকম একটি উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছিলাম। অভিভাবকদের এগিয়ে আসা সত্যিই প্রশংসার দাবিদার।’আমতলী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা যতীশ চন্দ্র শীল জানান, গোজখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এ কার্যক্রমে উদ্বুদ্ধ হয়ে তালতলীর তালুকদারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবকেরাও এভাবে মুষ্টিচাল সংগ্রহ করে শিক্ষার্থীদের দুপুরের খাবার সরবরাহের উদ্যোগ নিয়েছেন।