মুষ্টিচালে সেহ্রি, দাওয়াতে ইফতার
পঞ্চগড়ের এতিমখানা এবং বিভিন্ন মাদ্রাসার শিশুরা বাড়ি বাড়ি গিয়ে মুষ্টিচাল সংগ্রহ করে সেই চালের ভাতে সেহ্রি খেয়ে রোজা রাখছে। সেহ্রিতে মাছ-মাংসের স্বাদ অনেকের ভাগ্যেই এখনো জোটেনি। ইফতারেও ভালো কিছু খেতে হলে থাকতে হচ্ছে কোনো দাওয়াতের আশায়।
বিভিন্ন মাদ্রাসা এবং এতিমখানা ঘুরে গতকাল সোমবার জানা যায়, প্রতিদিন সকালে মাদ্রাসার দু-তিনজন ছাত্রের একটি দল আশপাশের এলাকায় বেরিয়ে পড়ে। তারা বাড়ি বাড়ি ঘোরে মুষ্টিচালের জন্য। বাড়ির মালিকেরা যে চাল দেন, তা দিয়েই রাত আর সেহ্রির ভাত রান্না করা হয়। অবশিষ্ট চাল বিক্রি করে তরিতরকারি কেনা হয়। অধিকাংশ দিনেই সবজির একটি তরকারিই তাদের ভাতের সঙ্গে থাকে। মাছ-মাংস হয় না।
এদিকে ইফতারের কোনো ব্যবস্থাই নেই এসব এতিম শিশুর জন্য। ফলে তারা পথ চেয়ে থাকে কবে স্থানীয় কোনো প্রভাবশালী বা ধনী কোনো প্রতিবেশী তাদের দাওয়াত দেবেন। ইফতারের দাওয়াতের বিনিময়ে ওই বাড়িতে মিলাদ পাঠ করে তারা।
কওমি মাদ্রাসা বোর্ড সূত্রে জানা গেছে, পঞ্চগড়ে কওমি, হাফেজিয়া এবং দাখিল ও আলিম মাদ্রাসা আছে ১৩০টি। এগুলোতে ছাত্রাবাস এবং এতিমখানা আছে। এসব এতিমখানায় পাঁচ সহস্রাধিক ছাত্র রয়েছে। এসব শিশুকে দুবেলা নিজেদের খাবার জোগাড়ের জন্য সকাল থেকেই ছুটতে হয় বাড়ি বাড়ি।
পঞ্চগড় দারুল উলুম মাদ্রাসায় পড়তে এসেছে ৪০ কিলোমিটার দূরের গ্রাম বড়শীর মেহেদী হাসান (৮)। সে জানায়, তার মা নেই। জন্মের দুই বছরের মাথায় মা মারা যান। বাবা আজিজুল হক তাকে এই মাদ্রাসায় ভর্তি করে দিয়েছেন। লজিংবাড়ি থেকে খাবার নিয়ে আসে সে। হাফেজিয়া মাদ্রাসার হেবজো শ্রেণির ছাত্র রজব আলী (৯) বলে, ‘মুষ্টিচাল তুলতে ভালো লাগে না। মানুষের বাড়ির দরজায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। লোকজন ভিখারি ভাবে।’
গিতালগছ হাফেজিয়া মাদ্রাসার সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এবং বৈরাগীগজ হাফেজিয়া মাদ্রাসার সভাপতি ফজলে করিম বলেন, ‘বেশির ভাগ ক্ষেত্রে দরিদ্র পরিবারের শিশুরাই মাদ্রাসায় পড়ে। গ্রামের মানুষের কোরবানির পশুর চামড়ার টাকা, ফেতরা এবং মুষ্টিচাল দিয়ে চলে এসব মাদ্রাসা।’
সমাজসেবা অধিদপ্তর জানায়, পঞ্চগড়ের মাদ্রাসাগুলোর কিছুসংখ্যক আবাসিক ছাত্রের জন্য মাথাপিছু এক হাজার টাকা করে অনুদান দেওয়া হয়।