পুলিশের মহাপরিদর্শক (আইজি) হাসান মাহমুদ খন্দকার বলেছেন, সড়ক-মহাসড়কে দুর্ঘটনা রোধে পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দুর্ঘটনা রোধে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা গড়তে পুলিশ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। সিরাজগঞ্জ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে আইজি হাসান মাহমুদ খন্দকার গতকাল শনিবার এসব কথা বলেন।আমিনবাজারে গণপিটুনিতে ছয় ছাত্র হত্যার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তে পুলিশের দায়িত্বে অবহেলার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হাসান মাহমুদ বলেন, মুষ্টিমেয় কিছু পুলিশ সদস্যের নৈতিক স্খলনের দায়ভার গোটা পুলিশ বাহিনী নেবে না। তিনি বলেন, আইনশৃঙ্খলার উন্নতির জন্য বর্তমান সরকার পুলিশ বাহিনীতে ৩২ হাজার ৩১ জন সদস্য নিয়োগ দিচ্ছে। এরপর হাসান মাহমুদ সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। পুলিশ সুপার মোশাররফ হোসেনের সভাপতিত্বে এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ-৪ আসনের সাংসদ গাজী শফিকুল ইসলাম, রাজশাহী রেঞ্জের ডিআইজি সিদ্দিকুর রহমান, জেলা ও দায়রা জজ আবদুস সালেক, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, র্যাব ১২-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আনিসুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে এম হোসেন আলী হাসান প্রমুখ।