ইসলামের পবিত্র শিক্ষায় সন্ত্রাসবাদের স্থান নেই। কিন্তু মুসলমানদের একটি ছোট গোষ্ঠীর মগজ ধোলাই করা হচ্ছে।
গতকাল শনিবার আহমদীয়া মুসলিম জামা’ত, বাংলাদেশের ৯২তম ন্যাশনাল জলসার দ্বিতীয় দিনে বক্তারা এসব কথা বলেন। তাঁরা বলেন, ‘বাইরে থেকে ইনজেকশনের মাধ্যমে’ যে সন্ত্রাসবাদ শেখানো হচ্ছে, তার বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে।
গত শুক্রবার ঢাকার বকশীবাজারে তিন দিনব্যাপী এ জলসা শুরু হয়।
আহমদীয়া মুসলিম জামা’ত, বাংলাদেশের মোবাল্লেগ ইনচার্জ আবদুল আউয়াল খান চৌধুরী বলেন, ইসলাম শান্তি ও সম্পর্কের কথা বলে। কাউকে গায়ের জোরে মুসলমান বানানোর কথা বলে না। ধর্ম ব্যবসায়ীরা ইসলামকে সন্ত্রাসীদের ধর্ম ও দল বানাতে চাইছে। মুসলমানদের একটি ছোট গোষ্ঠীর মগজ ধোলাই করা হচ্ছে।
নটর ডেম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফাদার বেঞ্জামিন ডি কস্তা বলেন, ‘প্রত্যেক ধর্মে ভালোবাসার কথা আছে। কিন্তু আমরা
ব্যক্তিগত স্বার্থে দলাদলি বা বিভেদ সৃষ্টি করি।’
বাংলাদেশ মাইনরিটি ওয়াচের সভাপতি রবীন্দ্র ঘোষ বলেন, যারা মসজিদ-মন্দিরে হামলা করে, তারা মানুষ নয়। এসব হামলার শিকার হচ্ছে সাধারণ মানুষ। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ঘৃণাকে বর্জন করতে হবে।
আহমদীয়া মুসলিম জামা’তের ঢাকা মহানগর শাখার আমির মীর মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত জলসায় আরও বক্তব্য দেন আহমদীয়া নায়েব ন্যাশনাল আমির আহমদ তবশির চৌধুরী, ভারত থেকে আসা বৌদ্ধধর্মীয় গুরু শাসনপ্রিয় ভিক্ষু, কাজল দেবনাথ, ফাদার তপন ডি রোজারিও, করুণা ভিক্ষু।