প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্য এবং ভ্রাতৃত্ব, ন্যায়বিচার ও সাম্যের জন্য ইসলামি মূল্যবোধ অনুসরণের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। একই সঙ্গে সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থার বিরুদ্ধে জিরো টলারেন্সের নীতির কথা উল্লেখ করে তিনি আন্তধর্ম সংলাপের মাধ্যমে ইসলামবিদ্বেষ ও ভীতি প্রশমনের ওপর গুরুত্বারোপ করেছেন।
তুরস্কের ইস্তাম্বুলে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) ১৩তম শীর্ষ সম্মেলনে দেওয়া এক বিবৃতিতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী প্রধানমন্ত্রীর পক্ষে বিবৃতিটি পাঠ করেন।
প্রায় ৩০টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং ২০টির বেশি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের অংশগ্রহণে গত বৃহস্পতিবার এই শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। এতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল শুক্রবার এক বিবৃতিতে এ কথা জানায়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বিবৃতিতে ওআইসি মানবিক কৌশল প্রণয়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ওআইসি সহায়তার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন এবং ওআইসি-২০২৫ প্রোগ্রাম অব অ্যাকশন বাস্তবায়নের মাধ্যমে দারিদ্র্য নির্মূলে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তিনি ওআইসি অগ্রাধিকারমূলক ও অবাধ বাণিজ্য ব্যবস্থা বাস্তবায়নের ওপরও গুরুত্বারোপ করেন।
মুসলিম বিশ্বের প্রেক্ষাপটে এ বছরে সম্মেলনের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ন্যায়বিচার ও শান্তির জন্য ঐক্য ও সংহতি। সম্মেলনে অভ্যন্তরীণ সংঘর্ষ এবং ভ্রাতৃঘাতী গৃহযুদ্ধ, সাম্প্রদায়িকতা, সন্ত্রাস এবং সহিংস চরমপন্থা, ইসলামভীতি, মানবতাবোধ এবং প্রাকৃতিক দুর্যোগ, মুসলিম সমাজের পশ্চাৎপদতা, ফিলিস্তিনি সমস্যা, দরিদ্রতা, উন্নয়ন বিষয় এবং ওআইসির কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের নেতৃত্বে ওআইসি নেতারা ফিলিস্তিন-সংক্রান্ত প্রস্তাব, ওআইসি ২০২৫: প্রোগ্রাম অব অ্যাকশন, চূড়ান্ত ইশতেহার এবং ইস্তাম্বুল ঘোষণায় সম্মত হন।