
বিশ্ব মুসলিম উম্মাহর একাত্মতা, ইহকাল-পরকালের শান্তি ও দেশের কল্যাণ কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে গতকাল রোববার শেষ হয়েছে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা। আখেরি মোনাজাতে মুসল্লিরা আত্মশুদ্ধি ও গুনাহ মাফের পাশাপাশি দুনিয়ার সব বালা-মুসিবত থেকে হেফাজত করার জন্য সৃষ্টিকর্তার দরবারে দুই হাত তুলে রহমত কামনা করেন। মোনাজাতের সময় ময়দান ছাড়িয়ে আশপাশে অবস্থান করা লাখ লাখ মুসল্লির মুখে ছিল ‘আমিন, আল্লাহুম্মা আমিন’ ধ্বনি।
‘হে আল্লাহ, আমাদের দোয়া কবুল করে নাও। পরওয়ারদিগার, আমাদের ইমানকে রক্ষা করো, আমাদের অন্তরের ভালো কাজগুলো মঞ্জুর করো। হে রাহমানির রাহিম, সকল বিপদ মুক্ত করে দাও, সারা দুনিয়ায় রহমত প্রেরণ করে দাও।’ বিনম্র কণ্ঠে দুনিয়া ও আখিরাতের মালিক মহান আল্লাহ পাকের কাছে দুই হাত তুলে এভাবেই প্রার্থনা করছিলেন ভারতের মাওলানা সা’দ। বিশ্ব ইজতেমার ময়দান ও তুরাগ নদের চারপাশের কয়েক কিলোমিটার এলাকাজুড়ে লাগানো মাইকে ছড়িয়ে পড়ছিল প্রার্থনার এই মিনতি।
ইজতেমার দ্বিতীয় পর্বে শনিবার রাত থেকে থেমে থেমে বৃষ্টি হওয়ায় লাখ লাখ মুসল্লিকে দুর্ভোগে পড়তে হয়। বৃষ্টিতে শামিয়ানার নিচে থাকা মুসল্লিদের বিছানাপত্র ভিজে যায়। ইজতেমা ময়দানসহ আশপাশের রাস্তা কর্দমাক্ত হয়ে পড়ে। গতকাল সকাল থেকে ঘন কুয়াশা আর হিমশীতল বাতাসের কারণে দুর্ভোগ বাড়লেও মুসল্লিদের এ নিয়ে তেমন কোনো আক্ষেপ ছিল না।
ইজতেমার মূল মঞ্চ থেকে বেলা ১১টা ২২ মিনিটে শুরু হয় আখেরি মোনাজাত। মোনাজাত পরিচালনা করেন ভারতের দিল্লির মাওলানা মোহাম্মদ সা’দ। তিনি আরবি ও উর্দুতে সুমধুর সুরে দোয়া করেন। মুসল্লিরা ‘আমিন, আল্লাহুম্মা আমিন’ বলে মহামহিম ও দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের আশায় আকুতি জানান। ৩২ মিনিটের আখেরি মোনাজাত শেষ হয় ১১টা ৫৪ মিনিটে।
মোনাজাতে অংশ নিতে গতকাল ভোররাত থেকে লাখ লাখ মুসল্লি হেঁটেই ইজতেমাস্থলে পৌঁছান। সকাল আটটার আগেই ইজতেমা মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মাঠে পৌঁছাতে না পেরে কয়েক লাখ মানুষ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ও আবদুল্লাহপুর-আশুলিয়ায় খবরের কাগজ, পাটি, সিমেন্টের বস্তা ও পলিথিন বিছিয়ে বসে পড়েন। চারপাশের তিন-চার কিলোমিটার এলাকাজুড়ে কোথাও তিল ধারণের ঠাঁই ছিল না। আখেরি মোনাজাতের জন্য গতকাল আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠান, কলকারখানাসহ বিভিন্ন অফিস-আদালতে ছিল ছুটি। কোনো কোনো প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা না করলেও কর্মী ও কর্মকর্তাদের মোনাজাতে অংশ নিতে বাধা ছিল না। নানা বয়সী ও পেশার মানুষ এমনকি নারীরাও ভিড় ঠেলে মোনাজাতে অংশ নিতে গতকাল সকালেই টঙ্গী এলাকায় পৌঁছান।
ইজতেমায় মুসল্লির সংখ্যা বাড়তে থাকায় ২০১১ সাল থেকে দুই পর্বের ইজতেমার আয়োজন করেন তাবলিগের মুরব্বিরা। এ বছর ৯ থেকে ১১ জানুয়ারি সম্পন্ন হয় প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব শুরু হয় ১৬ জানুয়ারি। গতকাল আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয় এবারের বিশ্ব ইজতেমা।
মোনাজাত শেষ হলে শুরু হয় চিরচেনা সেই কোলাহল। বাড়ির পথে ছুটতে থাকেন যে যার মতো করে। ফলে টঙ্গী ও আশপাশের এলাকায় প্রবল যানজটের সৃষ্টি হয়।