মুসলিম খানই কথিত ডাকাতকে থানা থেকে ছাড়িয়ে আনলেন
চট্টগ্রামের রাউজান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন খান নিজেই থানা থেকে ছাড়িয়ে আনলেন ব্যবসায়ী সেলিমকে। তিনি তাঁকে ডাকাত হিসেবে শনাক্ত করে গত বৃহস্পতিবার সকালে পুলিশে ধরিয়ে দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।সেলিমের পারিবারিক সূত্রে জানা গেছে, ২৩ জুন রাত আটটার দিকে মুসলিম খান এলাকার মানুষের চাপে পড়ে থানায় যান। তিনি থানা হেফাজতে থাকা সেলিমকে ছাড়িয়ে আনেন। তাঁকে থানা থেকে ছাড়ানোর শর্তে তাঁর ভাই মোহাম্মদ সাইয়েদের কাছ থেকে সাদা কাগজে একটি স্বাক্ষর নেওয়া হয়।অভিযোগ পাওয়া গেছে, স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে মুসলিম খানের প্রার্থীর বিরুদ্ধে কাজ করায় ২৩ জুন সকালে সেলিমকে পুলিশে ধরিয়ে দেওয়া হয়। কথিত একটি ডাকাতির ঘটনায় তিনি জড়িত বলে অভিযোগ আনা হয়। তবে এ বিষয়ে জানতে মুসলিম খান মুঠোফোনে প্রথম আলোর কাছে দাবি করেন, তিনি সেলিমকে থানা থেকে ছাড়িয়ে আনেননি। পুলিশ তাঁর বিরুদ্ধে ডাকাতির মামলা নেয়নি।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উনু মং দাবি করেন, মহাজোটের শরিক জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী জিয়াউদ্দিন আহমদ তাঁকে ফোন করে সেলিমকে ছেড়ে দিতে বলেন। তাই তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। ওসি আরও দাবি করেন, সেলিমকে আটক করা হয়নি। তাঁর নিরাপত্তার খাতিরে তাঁকে থানা হেফাজতে রাখা হয়েছিল। দুই পক্ষের ভুল বোঝাবুঝি দূর হওয়ায় তাঁকে পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।