পাকিস্তান জামায়াতে ইসলামীর প্রধান সৈয়দ মুনাওয়ার হাসান বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের আদেশের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, সৌদি আরব ও তুরস্কের মতো মুসলিম দেশগুলোকে এখন বাংলাদেশের সরকারের ওপর চাপ দেওয়া উচিত। খবর বিবিসি বাংলার।গতকাল শুক্রবার বিবিসি বাংলার সঙ্গে এক সাক্ষাৎকারে মুনাওয়ার যুদ্ধাপরাধের দায়ে জামায়াতের নেতাদের বিচারের সমালোচনা করে বলেন, এগুলো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নয় এবং এক মুসলিম দেশের বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার অন্য মুসলিম দেশের রয়েছে। তিনি বলেন, ১৯৭১ সালে জামায়াতে ইসলামী পাকিস্তানকে রক্ষার জন্য লড়াই করেছিল, সে জন্য পাকিস্তান সরকারের উচিত বাংলাদেশের সরকারের ওপর চাপ সৃষ্টি করা। তবে পাকিস্তান সরকার বাংলাদেশের ওপর কী ধরনের চাপ সৃষ্টি করতে পারে, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দিতে পারেননি মুনাওয়ার হাসান।এ প্রসঙ্গে সৈয়দ মুনাওয়ার ইঙ্গিত করেন, বিশেষ করে, সৌদি আরব অর্থনৈতিক চাপ সৃষ্টি করতে পারে। কারণ, বাংলাদেশের লাখ লাখ শ্রমিক পারস্য উপসাগরীয় দেশগুলোতে রয়েছেন। তাঁদের কল্যাণের বিষয়টি বাংলাদেশকে ভাবতে হবে।মুনাওয়ার হাসান বলেন, ১৯৭৩-৭৪ সালে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান এবং পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর মধ্যে একটি চুক্তি হয়েছিল, যেখানে একাত্তরের অপরাধ নিয়ে কোনো মামলা হবে না বা কোনো ট্রাইব্যুনাল গঠন হবে না, এমন কথা ছিল। তিনি বলেন, পাকিস্তান সরকারের উচিত, বাংলাদেশ সরকারকে সেটা মনে করিয়ে দেওয়া।যে মামলাগুলো হচ্ছে, সেগুলো বাংলাদেশি নাগরিকদের নিয়ে এবং বাংলাদেশের অভ্যন্তরে সংঘটিত অপরাধ নিয়ে। তাহলে সেটাতে তাঁদের আপত্তি কেন—এমন প্রশ্নের জবাবে মুনাওয়ার হাসান বলেন, সে সময় বাংলাদেশ বলে কোনো দেশ ছিল না, সেটা ছিল পূর্ব পাকিস্তান। কাজেই সেখানে যা হয়েছিল, তা পাকিস্তানে হয়েছিল, বাংলাদেশে নয়। তিনি বলেন, ১৯৭১ সালে যারা পাকিস্তানের পক্ষে লড়াই করেছিল, তারা আইন ও সংবিধানের পক্ষে ছিল। কারণ, তখন সেটা পূর্ব পাকিস্তান ছিল, বাংলাদেশ ছিল না।