জঙ্গিবাদ ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদে মুসলিম দেশগুলোর সঙ্গে সমন্বিত সহযোগিতার লক্ষ্যে সৌদি আরব, বাংলাদেশসহ ৫০টির বেশি মুসলিম দেশের শীর্ষ নেতাদের সঙ্গে আজ রোববার আলোচনায় বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলোচনায় যোগদানকারীদের অধিকাংশই সৌদির নেতৃত্বাধীন সামরিক জোটের সদস্য। সম্প্রতি ইরানের সঙ্গে সৌদি আরবের সংঘাত ক্রমেই বাড়ছে। তাই সৌদির নেতৃত্বাধীন জোটে অংশ নিলেও দেশটির সঙ্গে ইরানের সংঘাতের অংশ না হতে বাংলাদেশকে পরামর্শ দিয়েছেন কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষকেরা।
সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল-সৌদের আমন্ত্রণে অ্যারাব-ইসলামিক-আমেরিকান সামিটে অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল শনিবার সন্ধ্যায় রিয়াদে গেছেন।
ঢাকা ও রিয়াদের কূটনীতিকদের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, মূলত ডোনাল্ড ট্রাম্পের সফর সামনে রেখে মাস দুয়েক ধরে সৌদি আরব ইসলামিক মিলিটারি অ্যালায়েন্স (আইএমএ) বা দ্য ইসলামিক মিলিটারি অ্যালায়েন্স টু ফাইট টেররিজম (আইএমএএফটি) জোরদার করতে তৎপর হয়েছে। কারণ, আইএসের মতো জঙ্গি সংগঠনকে রুখে দেওয়ার প্রত্যয়ে বছর দেড়েক আগে সৌদি আরবের নেতৃত্বে গড়া ৪১টি দেশের সামরিক জোটটি এখনো দানা বেঁধে উঠতে পারেনি। উল্টো গত এক বছরে আইএসের পরিবর্তে ইরান হয়ে উঠেছে সৌদি আরবের প্রধান প্রতিপক্ষ। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে দায়িত্ব নেওয়ার পরপরই প্রথম ইরানের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন। তাঁর ওই হুঁশিয়ারি সৌদি আরবের জন্য নতুন সুযোগ তৈরি করে দেয়। তাই সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান মার্চে ওয়াশিংটনে গিয়ে রিয়াদ সফরের সময় ডোনাল্ড ট্রাম্পকে গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) ও ইসলামি দেশের নেতাদের সঙ্গে বৈঠকের প্রস্তাব দেন। এই বৈঠক করে সৌদি আরব দেখাবে যে যুক্তরাষ্ট্র তার পাশে আছে। আর যুক্তরাষ্ট্র দেখাবে, মুসলিম বিশ্বের সঙ্গে তার সম্পর্কে চিড় ধরেনি।
ডোনাল্ড ট্রাম্পের রিয়াদ সফরকে সৌদি আরব ভবিষ্যতের জন্য বড় পুঁজি হিসেবে দেখছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের শুক্রবার রিয়াদে সাংবাদিকদের বলেন, ‘জঙ্গিবাদ ও সহিংসতার বিরুদ্ধে জোরালো অংশীদারত্বের ব্যাপারে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের অবস্থান অভিন্ন। অনেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরবের নীতির মধ্যে পার্থক্য খোঁজার চেষ্টা করছেন। ইরাক, সিরিয়া ও ইরান নিয়ে আমাদের মতৈক্য আছে।’
জানতে চাইলে গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইপিএসএস) প্রেসিডেন্ট মেজর জেনারেল (অব.) আ ন ম মুনীরুজ্জামান গতকাল প্রথম আলোকে বলেন, ‘সাম্প্রতিক ঘটনাপ্রবাহে এটা স্পষ্ট যে ডোনাল্ড ট্রাম্পের সৌদি সফরের অগ্রাধিকারের তালিকার শুরুতেই আছে ইরান। কাজেই কোনোভাবেই উপসাগরীয় এলাকার আঞ্চলিক দ্বন্দ্বে আমাদের জড়িয়ে পড়া ঠিক হবে না, এটি উপলব্ধি করে সতর্কতার সঙ্গে এগোতে হবে। আর সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার ক্ষেত্রে জাতীয় স্বার্থ সমুন্নত রাখার বিষয়টিতে অগ্রাধিকার দিতে হবে।’
গতকাল শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, রিয়াদের শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী তাঁর বক্তৃতায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের ‘জিরো টলারেন্স’ নীতির উল্লেখ করে সাম্প্রতিক সাফল্য ও অভিজ্ঞতার কথা বলবেন। সেই সঙ্গে সন্ত্রাস ও জঙ্গিবাদের মতো সমস্যার সমাধানে রাজনৈতিকভাবে মোকাবিলার বিষয়টিতে জোর দেবেন তিনি।
সৌদির জোটে অংশ নিতে গিয়ে ইরান-সৌদি আরব বিরোধে জড়িয়ে পড়ছে কি না, জানতে চাইলে সরকারের দায়িত্বশীল এক কর্মকর্তা গত শুক্রবার বিকেলে এই প্রতিবেদককে বলেন, বাংলাদেশ শুরু থেকেই বলে আসছে, জোটে অংশ নিলেও লড়াইয়ের মাঠে যাবে না। এই অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। তা ছাড়া জোটে অংশ নিলেও মধ্যপন্থা অবলম্বনের পক্ষে বাংলাদেশ।
জানতে চাইলে সৌদি আরবের বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত আবদুল মোমেন চৌধুরী গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, ‘সৌদির নেতৃত্বাধীন জোটে অংশগ্রহণকারী বেশির ভাগ দেশই সুন্নি এবং এতে ইরান নেই। তবে কি সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী এই জোট ইরানের বিরুদ্ধে? পরবর্তী ঘটনাপ্রবাহ, বিশেষ করে ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে সৌদির অভিযান এবং ইরানের সঙ্গে সংঘাতের পর জোট শেষ পর্যন্ত ইরানের বিরুদ্ধে যাচ্ছে কি না, সেটাই এখন বড় বিতর্ক হয়ে দাঁড়িয়েছে। জোটের অংশীদার হলেও বাংলাদেশকে জাতীয় স্বার্থের বিষয়টি সবার আগে বিবেচনায় নিতে হবে। কোনোভাবেই সৌদি আরবের সঙ্গে ইরানের বিরোধে আমাদের জড়ানোটা ঠিক হবে না।’
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মো. হুমায়ুন কবীর গতকাল বিকেলে এক প্রশ্নের উত্তরে প্রথম আলোকে বলেন, মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব পালনের সময় বারাক ওবামা মধ্যপ্রাচ্যে ভারসাম্যমূলক নীতি অনুসরণ করেছেন। অর্থাৎ, সৌদি আরবের সঙ্গে সম্পর্ককে ইরানের সঙ্গে এক করে দেখেননি। কিন্তু ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর সেই অবস্থানের পরিবর্তন হয়েছে। ফলে ইরান নিয়ে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের অবস্থান প্রায় এক। কাজেই সৌদি আরবের মতো গুরুত্বপূর্ণ দেশের উদ্যোগে অংশ নেওয়াটা বাংলাদেশের জন্য এখন পর্যন্ত ঠিক আছে। কিন্তু কৌশলগত ক্ষেত্রে, অর্থাৎ সৌদি আরব ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিলে বাংলাদেশের সাবধানে পদক্ষেপ নেওয়া বাঞ্ছনীয়।