‘আমাদের অবিরাম শ্রমে আর ফসলে ফোটাবোই স্বদেশের মুখে গান’ স্লোগানে প্রগতিশীল ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কাল শুক্রবার চট্টগ্রামের মুসলিম হলে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে। ছাত্র ইউনিয়নের ৬০ বছর পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। গতকাল বুধবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলন আয়োজকেরা তাঁদের আদর্শ ও উদ্দেশ্য তুলে ধরেন। শুক্রবারের অনুষ্ঠানমালার মধ্যে শোভাযাত্রা, স্মৃতিচারণা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। কাল সকালে অনুষ্ঠানের উদ্বোধন করবেন স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক বেলাল মোহাম্মদ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেবেন পংকজ ভট্টাচার্য, মুজাহিদুল ইসলাম সেলিম, এম এম আকাশ, ফেরদৌস আহমেদ উজ্জ্বল, শামসুজ্জামান হিরা প্রমুখ। গতকাল সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উদ্যাপন কমিটির আহ্বায়ক অশোক সাহা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শাহ আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি উত্তম চৌধুরী, চট্টগ্রাম জেলা শাখার সাবেক সভাপতি মো. আতিক, সাধারণ সম্পাদক দেলোয়ার মজুমদার প্রমুখ। সংবাদ সম্মেলনে বলা হয়, পঞ্চাশ ও ষাটের দশকে সামরিক স্বৈরাচার, ধর্মান্ধতা, বিভেদ, জাতিগত নিপীড়ন ও শোষণের বিরুদ্ধে সংঘটিত ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান রূপকার ও সংগঠক বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। ১৯৫২ সালের ২৬ এপ্রিল এ সংগঠনের জন্ম। সংবাদ সম্মেলনে চলমান রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করে বলা হয়, লাখো শহীদের রক্তে ভেজা আমাদের সংবিধান, জাতীয় সংসদ যেমন আজ রাজনীতিবিদ নামধারী কিছু দুর্বৃত্তের দখলে চলে গেছে। তারই অনুষঙ্গ হিসেবে ছাত্র নামধারী কিছু অপরাধী, অছাত্র আজ প্রায় সব শিক্ষাপ্রতিষ্ঠান দখল করে নিয়ে চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ নানা অপতৎপরতায় জড়িয়ে পড়েছে।