মুসা ইব্রাহীম ইতিহাসে স্থান করে নিয়েছেন

‘এভারেস্ট জয় করে মুসা ইব্রাহীম ইতিহাসে স্থান করে নিয়েছেন। সেখান থেকে তাঁকে সরানো যাবে না। মুসার পরে যাঁরা এভারেস্ট জয় করেছেন, তাঁদেরও অভিনন্দন।’ বাংলাদেশের এভারেস্ট বিজয়ের চার বছর পূর্তি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার এভারেস্ট একাডেমী এবং রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্র আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী এসব কথা বলেন।
গওহর রিজভী আরও বলেন, ‘প্রথম যখন মুসা ইব্রাহীমের এভারেস্ট বিজয়ের সংবাদ শুনেছিলাম, একই সঙ্গে গর্ব ও বিস্ময় অনুভব করেছিলাম। কোনো দিনও ভাবিনি কোনো বঙ্গসন্তান এভারেস্ট বিজয় করবে। মুসা ইব্রাহীম সেটা সম্ভব করেছেন।’
রাজধানীর রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্রে এ অনুষ্ঠানের শুরুতে প্রজেক্টরে মুসা ইব্রাহীম তাঁর এভারেস্ট অভিযানের সব পর্যায়ের আলোকচিত্র দেখান এবং সেগুলোর বর্ণনা দেন। ২০১০ সালের ২৩ মে প্রথম বাংলাদেশি হিসেবে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জয় করেন মুসা ইব্রাহীম।
মুসা ইব্রাহীম বললেন, ‘মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত জাতীয় পতাকা আমরা বয়ে নিয়ে গিয়েছি এভারেস্টে। বাংলাদেশ আজ ৬৭তম এভারেস্ট বিজয়ী দেশ। বাংলাদেশকে আমরা আরও উঁচুতে নিয়ে যেতে চাই।’
জাতীয় সংসদের সর্বদলীয় সংসদীয় গ্রুপগুলোর মহাসচিব শিশির শীল মুসা ইব্রাহীমের এভারেস্ট বিজয়ের চার বছর পূর্তিতে স্পিকার ও সংসদ সদস্যদের পক্ষে অভিনন্দন জানান। অনুষ্ঠানে বক্তৃতা করেন বাংলাদেশে রাশিয়া দূতাবাসের সাংস্কৃতিক বিভাগের প্রথম সচিব আলেক্সান্ডার পি ডেমিন, যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রিচার্ড লাভ, অভিনয়শিল্পী ও চলচ্চিত্রকার তৌকির আহমেদ, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম, বাংলাদেশ বিমানের ক্যাপ্টেন এনাম তালুকদার, আমাদের গ্রাম প্রকল্পের পরিচালক রেজা সেলিম এবং নর্থ আলপাইন ক্লাব বাংলাদেশের সহসভাপতি পল্লব মোহাইমেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন আশীফ এন্তাজ।
আলোচনার পর অতিথিরা বেলুন উড়িয়ে এভারেস্ট বিজয়ের চার বছর উদ্যাপন করেন। এ উপলক্ষে রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্রে মুসা ইব্রাহীমের এভারেস্ট অভিযানের সপ্তাহব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়। প্রদর্শনীতে ৩৪টি ছবি প্রদর্শিত হচ্ছে। সব শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মুসা ইব্রাহীম।