মুসা ইব্রাহীমকে কুমিল্লায় সংবর্ধনা
এভারেস্ট-জয়ী মুসা ইব্রাহীমকে গতকাল সোমবার কুমিল্লায় সংবর্ধনা দেওয়া হয়েছে। কুমিল্লার নাট্য সংগঠন অধুনা থিয়েটারের পক্ষ থেকে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে এই সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে মুসা ইব্রাহীমকে ক্রেস্ট ও সম্মাননা স্মারক দেওয়া হয়। এর আগে জেলা প্রশাসক মো. রেজাউল আহসান তাঁকে সার্কিট হাউসে বরণ করে নেন।বেলা ১১টার দিকে অধুনা থিয়েটারের সভাপতি শহীদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। শুভেচ্ছা বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) সঞ্জয় কুমার ভৌমিক, বেসরকারি উন্নয়ন সংস্থা পেইজ কুমিল্লার নির্বাহী পরিচালক লোকমান হাকিম, এসিড-সন্ত্রাস নির্মূল কমিটির জেলা সভাপতি দিলনাশি মোহসেন, হূদেরাগ বিশেষজ্ঞ তৃপ্তিশ চন্দ্র ঘোষ, আবৃত্তিকার কাজী মাহতাব, বেসরকারি উন্নয়ন সংস্থা এইড কুমিল্লার নির্বাহী পরিচালক রোকেয়া বেগম, প্রত্যয় কুমিল্লার নির্বাহী পরিচালক মাহমুদা আক্তার ও কুমিল্লায় প্রথম আলো নিজস্ব প্রতিবেদক গাজীউল হক। অনুষ্ঠান পরিচালনা করেন কুমিল্লা শিল্পকলা একাডেমীর কালচারাল কর্মকর্তা বশিরুল আনোয়ার।মুসা ইব্রাহীম বলেন, ‘এভারেস্ট জয়ের জন্য কোনো ধরাবাঁধা বয়স ও লিঙ্গভেদ নেই। যাঁদের মধ্যে পাগলামি আছে, তাঁরাই যেতে পারেন। আমি পাগলামি না করলে হয়তো এভারেস্ট জয় হতো না।’মুসা ইব্রাহীম আরও বলেন, ৯ মার্চ টেকনাফ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত সাড়ে ১৪ কিলোমিটার পথ সাঁতার কাটবেন তিনি। এরপর তিনি পর্যায়ক্রমে পৃথিবীর ছয়টি মহাদেশের পাহাড়চূড়ায় উঠবেন।