এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীমকে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ব্লু অ্যাওয়ার্ড’ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তাঁকে এ পদক দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।কর্তৃপক্ষ জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক কোনো শিক্ষার্থী যদি ক্রীড়াক্ষেত্রে সর্বোচ্চ নৈপুণ্য প্রদর্শন করেন, কোনো গুরুত্বপূর্ণ সম্মান বয়ে আনেন, তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ব্লু অ্যাওয়ার্ডে’ ভূষিত করে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া খেলোয়াড়দের জন্য সর্বোচ্চ পদক এটি। বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিসেবে এভারেস্ট জয়ের কৃতিত্ব দেখানোর কারণে মুসা ইব্রাহীমকে এ পদক দেওয়া হয়েছে।অনুষ্ঠানে মুসা ইব্রাহীমের হাতে বিশ্ববিদ্যালয় ব্লু এবং সনদ তুলে দেন উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। এ সময় উপাচার্য বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশের স্বাধীনতা দিবস আছে। কিন্তু বাংলাদেশের স্বাধীনতা দিবস ও বিজয় দিবস দুটোই রয়েছে। যে জাতির বিজয় দিবস আছে, সে জাতি সব ক্ষেত্রে বিজয় অর্জন করবে, সে বিষয়ে আমি আশাবাদী।’ মুসা ইব্রাহীমের এভারেস্ট বিজয়কে দেশের ১৬ কোটি মানুষের বিজয় বলে মন্তব্য করেন উপাচার্য।মুসা ইব্রাহীম বলেন, দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সারা দেশে তাঁর ১৬ কোটি গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকেই সে উদ্যোগের বাস্তবায়ন শুরু করা হবে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হারুন অর রশিদ, কোষাধ্যক্ষ মীজানুর রহমান, শারীরিক শিক্ষাকেন্দ্রের উপদেষ্টা দিদার-উল আলম এবং কেন্দ্রের পরিচালক শওকতুর রহমান। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমান অনুষ্ঠান পরিচালনা করেন।