মুসা ইব্রাহীমসহ তিন অভিযাত্রী আটকা পড়েছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়া-ওশেনিয়া অঞ্চলের সর্বোচ্চ পর্বত কার্সটেঞ্জ পিরামিড (পুনাক জায়া) জয় করে ফিরে আসার পথে বেস ক্যাম্পে আটকা পড়েছেন এভারেস্টজয়ী পর্বতারোহী মুসা ইব্রাহীম এবং তাঁর সঙ্গী দুই ভারতীয় পর্বতারোহী সত্যরূপ সিদ্ধান্ত ও নন্দিতা চন্দ্রশেখর। ১৩ জুন এই পর্বতশৃঙ্গ জয় করে নেমে আসার পথে বেস ক্যাম্পে আসার পর তাঁরা খারাপ আবহাওয়ার কবলে পড়েন।

গতকাল রোববার সকালে অভিযাত্রীদের উদ্ধার করে আনার জন্য হেলিকপ্টার রওনা হলেও খারাপ আবহাওয়ার কারণে বেস ক্যাম্পে পৌঁছাতে পারেনি। গতকাল সকাল থেকে স্যাটেলাইট ফোনে খুদে বার্তার মাধ্যমে মুসা ইব্রাহীম ও সত্যরূপ সিদ্ধান্তের সঙ্গে এই প্রতিবেদকের যোগাযোগ হয়। তাঁরা খুদে বার্তায় বলেন, ৪ হাজার ২৭৫ মিটার উচ্চতায় লেক ফ্যালি বেস ক্যাম্পে তাঁরা অবস্থান করছেন। তিনজনেরই স্বাস্থ্য ভালো রয়েছে।

ইন্দোনেশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত আজমল কবির গতকাল মুঠোফোন প্রথম আলোকে বলেন, ‘তাঁরা যে উচ্চতায় অবস্থান করছেন, তার নিচে ঝড়-বৃষ্টি থাকায় হেলিকপ্টার ফিরে এসেছে। আজ সোমবার আবার হেলিকপ্টার পাঠানো হবে।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম প্রথম আলোকে বলেন, তাঁর সঙ্গে ওই দলের যোগাযোগ হয়েছে। আজ আবহাওয়া ভালো থাকলে আবার হেলিকপ্টার পাঠানো হবে। তাঁদের খাবার-সংকট এখন আর নেই।

অভিযানের জন্য মুসা ইব্রাহীম ঢাকা থেকে গত ২৯ মে ইন্দোনেশিয়ায় যান। ৭ জুন নাবির থেকে তিন অভিযাত্রীর কার্সটেঞ্জ পর্বতাভিযান শুরু হয়।