মুসা ইব্রাহীমসহ তিন অভিযাত্রী উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্বতারোহী মুসা ইব্রাহীম এবং তাঁর সঙ্গে থাকা দুই ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। তিনজনই ভালো আছেন। গতকাল সোমবার মুসা ইব্রাহীম তাঁর ফেসবুক টাইমলাইনে এক স্ট্যাটাসে উদ্ধার হওয়ার এই খবর নিশ্চিত করেছেন।

অস্ট্রেলিয়া-ওশেনিয়া অঞ্চলের সর্বোচ্চ পর্বত কার্সটেঞ্জ পিরামিডের বেস ক্যাম্প থেকে গতকাল স্থানীয় সময় সকাল ছয়টার কিছু পরে হেলিকপ্টারে করে তাঁদের ইন্দোনেশিয়ার শহর পাপুয়া তিমিকা বিমানবন্দরে আনা হয়। মুসা ইব্রাহীমের সঙ্গে বাকি দুজন হচ্ছেন ভারতীয় পর্বতারোহী সত্যরূপ সিদ্ধান্ত ও নন্দিতা চন্দ্রশেখর।

এদিকে মুসা ইব্রাহীম তাঁর স্ট্যাটাসে গতকাল বলেছেন, উদ্ধারকাজের জন্য তিমিকা বিমানবন্দরের হেলিকোম্পানি প্রতিষ্ঠান এয়ার এশিয়াওয়ান বেশি ভাড়া দাবি করছে। প্রতিষ্ঠানটির দাবি করা ভাড়া দিতে রাজি না হওয়ায় তাঁদের তিনজনের পাসপোর্ট আটকে রাখা হয়েছে। 

মুসা ইব্রাহীম ঢাকা থেকে গত ২৯ মে ইন্দোনেশিয়ায় যান। ৭ জুন নাবির থেকে তিন অভিযাত্রীর কার্সটেঞ্জ পর্বতাভিযান শুরু হয়। ফেরার পথে খারাপ আবহাওয়ার কারণে বেস ক্যাম্পে তাঁরা আটকা পড়েন।