মুসা ইব্রাহীমের এভারেস্ট বিজয় নিয়ে প্রদর্শনী শুরু
তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। প্রদর্শনীকক্ষের ভেতরে প্রবেশ করতেই গায়ে কাঁপন লাগার জোগাড়। ভেতরে বিস্ময় জাগানিয়া দৃশ্য। চারপাশে অজস্র আলোকচিত্রে হিমালয়ের ছবি। মাঝে একটি তাঁবু। পাশে পর্বত আরোহণে বিশেষ পোশাক ও জুতা পায়ে হাঁটছেন এক তরুণ। সব মিলিয়ে পুরো পরিবেশটাই অভ্যাগতদের দারুণ চমক দিয়েছে।প্রথম বাংলাদেশি হিসেবে এ বছরের ২৩ মে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টের চূড়ায় আরোহণ করেন মুসা ইব্রাহীম। এভারেস্টের চূড়ায় প্রথমবারের মতো সেদিন উড়েছিল বাংলাদেশের পতাকা। দেশের ইতিহাসে এ এক গৌরবময় অর্জন। মুসা ইব্রাহীমের এভারেস্ট বিজয় সম্পর্কে সাধারণ মানুষকে ধারণা দিতে গতকাল শুক্রবার থেকে ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে শুরু হয়েছে পক্ষকালব্যাপী এক প্রদর্শনী। বিকেলে প্রদর্শনীর উদ্বোধন করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান। ‘এভারেস্টের চূড়ায় বাংলাদেশ’ নামের এ প্রদর্শনীতে এভারেস্ট অভিযানের সময় মুসা ইব্রাহীমের নিজের এবং তাঁর সহযাত্রী পর্বতারোহীদের তোলা আলোকচিত্র স্থান পেয়েছে। এসব আলোকচিত্রে উঠে এসেছে এভারেস্ট অভিযানের বিভিন্ন পর্যায়। এ ছাড়া অভিযানে ব্যবহূত তাঁর পোশাক, তাঁবু, বিভিন্ন যন্ত্রপাতি স্থান পেয়েছে।আনুষ্ঠানিক উদ্বোধনের আগে গতকাল প্রদর্শনীস্থল ভরে উঠেছিল আগ্রহী দর্শকের উপস্থিতিতে। শিল্পী অশোক কর্মকারের পরিকল্পনায় হিমালয় অঞ্চলের আবহাওয়ার আবহ ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে প্রদর্শনীর কক্ষে। পর্বতের গায়ে তুষার জমে যেমন দেখা যায়, অনেকটা সে রকম করেই নানা অনুষঙ্গে সাজানো হয়েছিল গ্যালারির মেঝে। এসব স্থাপনাকর্মের মধ্য দিয়ে দর্শকের চলার জন্য পথ তৈরি করা হয়েছে। প্রদর্শনীতে এভারেস্ট অভিযান বিষয়ে ৪৩টি ছবি স্থান পেয়েছে। এসব ছবিতে মুসার এভারেস্ট অভিযানের প্রাথমিক প্রস্তুতি থেকে শুরু করে এভারেস্টের চূড়ায় বাংলাদেশের পতাকা ওড়ানোর ছবিটিও আছে।উদ্বোধনী অনুষ্ঠানে প্রদর্শনীতে স্থান পাওয়া ছবি নিয়ে প্রকাশিত এভারেস্টের চূড়ায় বাংলাদেশ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।মুহাম্মদ হাবিবুর রহমান প্রদর্শনীর উদ্বোধন করে মুসা ইব্রাহীমকে অভিনন্দন জানান। তিনি বলেন, প্রথম বাংলাদেশি হিসেবে তিনি জয় করেছেন সর্বোচ্চ চূড়া এভারেস্ট। আর তাঁর সে অভিযানের চিত্র নিয়ে আয়োজিত এ প্রদর্শনী সবাইকে এ সাফল্যের অংশীদার করবে। বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, মুসা ইব্রাহীমের এ জয় শুধু সর্বোচ্চ চূড়া জয়ই নয়, বরং এভারেস্ট জয়ের যে স্বপ্ন তিনি দেখেছেন, তা তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। অনুষ্ঠানে বক্তব্য দেন নর্থ আলপাইন ক্লাবের সভাপতি ও প্রথম আলোর উপ-সম্পাদক আনিসুল হক, আলিয়ঁস ফ্রঁসেসের পরিচালক সালিহ ল্যফারব্রেভ ওরিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সালমান ওবায়দুল করিম ও এভারেস্টজয়ী মুসা ইব্রাহীম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফারহানা নিশো।অনুষ্ঠানে মুসা ইব্রাহীম তাঁর বেশকিছু স্বপ্নের কথা জানান, যার মধ্যে রয়েছে সাত মহাদেশের সর্বোচ্চ চূড়া জয়, বাংলা চ্যানেল পাড়ি দেওয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি দলকে দিয়ে এভারেস্ট জয় ইত্যাদি। পাশাপাশি এভারেস্ট জয়ের পথে নানা কার্যক্রমের কথাও জানান তিনি। এ ছাড়া সমবেত চেষ্টায় বাংলাদেশে ১৬ কোটি গাছের চারা রোপণের পরিকল্পনা আছে তাঁর।আয়োজক সূত্রে জানা গেছে, প্রদর্শনীটি চলবে আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত নয়টা; শুক্র-শনিবার সকাল নয়টা থেকে দুপুর ১২টা ও বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে (রোববার বন্ধ)। প্রদর্শনী আয়োজনে সহযোগিতা করেছে ওরিয়ন গ্রুপ এবং ব্যবস্থাপনায় অ্যানেক্স কমিউনিকেশনস।