মুসা ও সত্যরূপ যাচ্ছেন মাউন্ট ডেনালি জয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রথম এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীম উত্তর আমেরিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট ডেনালি অভিযানে যাচ্ছেন৷ ‘বাংলাদেশ-ভারত মৈত্রী অভিযান’ নামের এই অভিযানে মুসার সঙ্গে থাকবেন ভারতের পর্বতারোহী সত্যরূপ সিদ্ধান্ত৷ গত বৃহস্পতিবার ঢাকায় ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে মুসা ইব্রাহীমের একক বক্তৃতা অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার সন্দ্বীপ চক্রবর্তী বলেন, মুসা ইব্রাহীমকে দিয়ে এই বক্তৃতামালা শুরু হলো। প্রতি মাসে একজন করে অতিথি বক্তাকে নিয়ে এ ধরনের বিশেষ বক্তৃতার আয়োজন করা হবে।
স্বাগত বক্তব্যে ভারতীয় হাইকমিশনের কাউন্সেলর (পলিটিক্যাল, ইনফরমেশন) সুজিত ঘোষ বলেন, আজ (গত বৃহস্পতিবার) একটি বিশেষ দিন৷ ১৯৫৩ সালের এই দিনেই স্যার এডমন্ড হিলারি ও তেনজিং নরগে মাউন্ট এভারেস্টের চূড়ায় প্রথম মানুষের পদচিহ্ন এঁকেছিলেন।
মুসা ইব্রাহীম ‘চ্যালেঞ্জ ও বৈরিতার মধ্যে নেতৃত্বের পাঠ বিষয়ে বক্তব্য দেন৷ মাল্টিমিডিয়া উপস্থাপনার মাধ্যমে তাঁর এভারেস্ট ও অন্যান্য পর্বতাভিযানের অভিজ্ঞতা বর্ণনা দেন৷ এসব অভিযানে বৈরী পরিবেশ মোকাবিলা, দলগতভাবে এগিয়ে চলা, স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার বিষয়গুলোও তুলে ধরেন মুসা। তিনি বলেন, ‘আমাদের প্রত্যেকের জীবনে একটি করে এভারেস্ট আছে৷ কঠোর অধ্যবসায় ও সাধনা দিয়ে আমরা তা অতিক্রম করি।’
অনুষ্ঠানে ভারতের বেঙ্গালুরু থেকে স্কাইপের মাধ্যমে যোগ দেন সত্যরূপ সিদ্ধান্ত৷ তিনি বলেন, ‘আমরা নতুন দিগন্তের খোঁজ করতে চাই৷ বাঙালিদের মধ্যে নতুন আশার সঞ্চার করতে চাই।’
অনুষ্ঠানে ডেপুটি হাইকমিশনার সন্দ্বীপ চক্রবর্তী মুসা ইব্রাহীমের হাতে মৈত্রী অভিযানের স্মারক পতাকা তুলে দেন।
মুসা ইব্রাহীম আগামী ১ জুন ঢাকা থেকে এ অভিযানের উদ্দেশে রওনা দেবেন৷ ১২ জুন আলাস্কা থেকে মূল অভিযান শুরু হবে বলে দুই পর্বতারোহী জানান।
২০ হাজার ২৩৭ ফুট উচ্চতার মাউন্ট ডেনালি উত্তর আমেরিকা মহাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ৷ এর আনুষ্ঠানিক নাম মাউন্ট ম্যাককিনলি হলেও স্থানীয় লোকজনের কাছে এটি ডেনালি নামেই বেশি পরিচিত। তাঁর সাত মহাদেশের সর্বোচ্চ সাত পর্বতশৃঙ্গ জয়ের অভিযানের অংশ হিসেবে মুসা ইব্রাহীম ডেনালি আরোহণে যাচ্ছেন৷ এরই মধ্যে তিনি এভারেস্টসহ চার মহাদেশের চারটি পর্বতশৃঙ্গ জয় করেছেন।