মুসা বিন শমসেরকে জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুসা বিন শমসের
মুসা বিন শমসের

দুর্নীতি দমন কমিশন (দুদক) মনে করছে, মুসা বিন শমসেরের দেওয়া সম্পদ বিবরণীর তথ্যে গরমিল আছে। তাঁর অসহযোগিতার কারণে এ বিষয়ে অনুসন্ধান শেষ করতে দেরি হচ্ছে। গতকাল বৃহস্পতিবার দুদকে মুসা বিন শমসেরকে জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদকের কমিশনার মো. সাহাবুদ্দিন এসব কথা বলেন।
বিতর্কিত এই ব্যবসায়ীর কথিত বিপুল পরিমাণ সম্পদের রহস্য উদ্ঘাটন করতে গতকাল বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত তাঁকে জিজ্ঞাসাবাদ করেন দুদকের পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে অনুসন্ধান দলের সদস্যরা। দুদকের কমিশনার বলেন, ‘কয়েক দিনের মধ্যেই আমরা মুসার সুইস ব্যাংকের অ্যাকাউন্টের তথ্য পাব।’
২০১৫ সালের ৭ জুন দুদকে মুসার দেওয়া সম্পদ বিবরণী অনুযায়ী সুইস ব্যাংকে মুসার ১২ বিলিয়ন ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৯৩ হাজার ৬০০ কোটি) ‘ফ্রিজ’ অবস্থায় রয়েছে। এ ছাড়া সুইস ব্যাংকের ভল্টে ৯০ মিলিয়ন ডলার (বাংলাদেশি প্রায় ৭০০ কোটি টাকা) দামের অলংকার জমা রয়েছে।
তাঁর সম্পদের উৎস সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুসা বিন শমসের বলেন, ‘আমি ধোলাইখাল থেকে পানি নিয়ে আটলান্টিক মহাসাগর গড়িনি। আর বাংলাদেশ থেকে হুন্ডি করে বিদেশে এত টাকা জমানো সম্ভব নয়। পৃথিবীর ৪০টি দেশের সঙ্গে আমার ব্যবসা, ৪০ দেশের সেনাবাহিনীর সঙ্গে আমার ব্যবসা। সেই সব দেশের সঙ্গে যত বিল সেটেল হয়েছে, তা সুইস ব্যাংকে ট্রান্সফার হয়েছে।’