মুসা বিন শমসেরকে জিজ্ঞাসাবাদ করলেন শুল্ক গোয়েন্দারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিলাসবহুল গাড়িতে শুল্ক ফাঁকি ও মুদ্রা পাচারের অভিযোগে গতকাল রোববার বিকেলে ব্যবসায়ী মুসা বিন শমসেরকে শুল্ক গোয়েন্দারা দুই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছেন।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্র জানায়, শুল্ক ফাঁকির অভিযোগ তদন্তে তলবের জবাবে গতকাল বেলা তিনটার দিকে মুসা বিন শমসের রাজধানীর কাকরাইলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে হাজির হন। অধিদপ্তরের উপপরিচালক এইচ এম শরিফুল হাসানের নেতৃত্বে দুই সদস্যের কমিটি তাঁকে দুই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে।

গত ২১ মার্চ শুল্ক গোয়েন্দারা মুসার গুলশানের বাড়িতে অভিযান চালিয়ে বিলাসবহুল ‘রেঞ্জ রোভার’ গাড়ি জব্দ করেন। জনৈক ফারুক উজ-জামান চৌধুরীর নামে নিবন্ধিত শুল্ক ফাঁকি দিয়ে আনা গাড়িটি মুসা বিন শমসের নিজেই ব্যবহার করে আসছিলেন। অভিযোগ তদন্তে দুই সদস্যের কমিটি মুসা বিন শমসেরকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে। কিন্তু ‘আংশিক পক্ষাঘাতগ্রস্ত হয়ে বাক্‌শক্তি হারিয়েছেন’ দাবি করে সময় চাইলে তাঁকে ১৫ দিনের সময় দিয়ে ৭ মের মধ্যে হাজির হতে সমন দেয় শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।

অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান প্রথম আলোকে বলেন, জিজ্ঞাসাবাদে মুসা বিন শমসের দাবি করেন তিনি কোনো শুল্ক ফাঁকি দেননি। তদন্ত কমিটির ১৮টি প্রশ্নের মৌখিক জবাব দেন এ আলোচিত ব্যবসায়ী। তিনি দাবি করেন, সুইস ব্যাংকে তাঁর ১২ বিলিয়ন ডলার আটকে পড়েছে। এই টাকা তিনি বিদেশে অস্ত্র বিক্রি করে অর্জন করেছেন। মুসা বিন শমসের চার পৃষ্ঠার লিখিত জবাব নিয়ে এসেছিলেন। তা তিনি তদন্ত কমিটির কাছে হস্তান্তর করেন।

মুসা বিন শমসের ড্যাটকো গ্রুপের মাধ্যমে জনশক্তি রপ্তানির ব্যবসা শুরু করেন।