মুসা বিন শমসেরের গাড়ি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুসা বিন শমসেরের ব্যবহার করা একটি বিলাসবহুল গাড়ি আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গতকাল মঙ্গলবার দুপুরে ধানমন্ডির একটি বাসা থেকে গাড়িটি আটক করা হয়। অধিদপ্তর বলেছে, ভুয়া কাগজপত্র দিয়ে গাড়িটির নিবন্ধন করা। এর মাধ্যমে প্রায় সাড়ে তিন কোটি টাকার শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে।
গাড়ি আটকের ব্যাপারে গতকাল রাতে মুসা বিন শমসেরের দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, রেঞ্জ রোভার গাড়িটি ফারুক উজ্জামান চৌধুরীর নামে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ভোলা কার্যালয় থেকে নিবন্ধন করা। ২০১৫ সালের ১ আগস্ট থেকে মুসা বিন শমসের গাড়িটি সপরিবারে ব্যবহারের জন্য ভাড়া নেন। গতকাল শুল্ক গোয়েন্দা কার্যালয়ের কয়েকজন কর্মকর্তা গাড়ির ব্যাপারে তদন্তের জন্য মুসা বিন শমসেরের বাসায় আসেন। তখন গাড়িটি স্কুলের ডিউটিতে ধানমন্ডি ছিল। তদন্ত দলের অনুরোধে গাড়িটি শুল্ক গোয়েন্দা কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়।
শুল্ক গোয়েন্দার মহাপরিচালক মইনুল খান প্রথম আলোকে বলেন, ভোলার বিআরটিএ কার্যালয়ের সঙ্গে যোগসাজশে ভুয়া কাগজপত্র দিয়ে গাড়িটি নিবন্ধন করা হয়েছে। গাড়িটি আটকের আগে মুসা বিন শমসেরের কাছে গাড়ি ভাড়ার কাগজপত্র দেখতে চাওয়া হয়েছিল, কিন্তু তিনি কাগজপত্র দেখাতে পারেননি।